# মুহাম্মদ কাইসার হামিদ :-
মা-বাবা হারা এক অনাথ শিশু লামিয়া। বর্তমান বয়স ১৬ মাস। বাবা রেফায়েত উল্লাহ আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। মা রাজিয়া আক্তার মিম নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে শিশু লামিয়াকে দাদা-দাদির আশ্রয়ে রেখে পিত্রালয়ে চলে যান, তখন লামিয়ার বয়স মাত্র ৫ মাস। পুত্রশোকে কাতর কাউসার দম্পতি এখন ওই শিশুর পিতা-মাতা, দাদা-দাদি সবকিছু। দাদা কাওসার মিয়া চা বিক্রেতা, দাদী মোছা. হাসনা বেগম গৃহিণী। জন্মের পর লামিয়া বাবার স্পর্শ পেয়েছিল মাত্র ৪ মাস। বাবা এবং মায়ের আদর, স্নেহ ভালোবাসা উপলব্ধি করার মতো বয়স হওয়ার আগেই লামিয়া পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ বাবাকে হারিয়ে এখন এতিম।
গত বছর বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের প্রথম দিন ৩১ অক্টোবর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে বিএনপি নেতাকর্মী ও তার বন্ধুদের সঙ্গে অবরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করে রেফায়েত উল্লাহ। আন্দোলনে অংশগ্রহণের আগে রেফায়েত উল্লাহ তার দাদী সখিনা বেগমের কাছে দোয়া চেয়ে বলেছিল ফিরে আসতেও পারি না-ও আসতে পারি। আগের দিন রাতে তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আগামীকাল আন্দোলনে যাচ্ছি বাঁচতেও পারি মরতেও পারি। সকলের নিকট দোয়া চাই। ৩১ অক্টোবর সকালে অবরোধ কর্মসূচীর শুরুতেই উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচীতে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ২০২৩ সালে বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচী পালনের প্রথম দিন ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ডে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। পুলিশের বাঁধা উপেক্ষা করে সড়কে মিছিল করলে অবরোধকারীদের বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যায় এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ তনয় (২২) কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত বিল্লাল মিয়া উপজেলার মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে ও রেফায়েত উল্লাহ বড় ছয়সূতী গ্রামের কাউসার মিয়ার ছেলে।
এই হত্যাযজ্ঞের পর পুলিশ আরও বেপরোয়া হয়ে ওঠে। তড়িঘড়ি করে নিহতদের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করতে নিহতদের পরিবারের সদস্যদের বাধ্য করে। ফলে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে মধ্যরাতে তড়িঘড়ি করে নামাজে জানাজা শেষে শাহাদাত বরণকারীদের দাফন সম্পন্ন করা হয়। এমনকি বিএনপির নেতাকর্মীরা যাতে জানাজায় অংশগ্রহণ করতে না পারে সেইজন্য জানাজার স্থানে পুলিশের একাধিক গাড়ি অবস্থান নেয়। তাছাড়া পুলিশের গুলিতে নিহত ও আহত বিএনপি’র নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলায় পুলিশের গুলিতে নিহত রেফায়েত উল্লাহ তনয় ও মো. বিল্লাল মিয়া, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০০/১৬০০ জনকে আসামি করে মামলা করে। মামলায় পুলিশ শরীফুল আলম সহ প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করে। নিহত রেফায়েত উল্লাহ তনয় ও মো. বিল্লাল মিয়া সাধারণ পরিবারের সন্তান। রেফায়েত উল্লাহ বিয়ের এক বছরের মাথায় একমাত্র সন্তান লামিয়াকে রেখে এবং বিল্লাল মিয়া ৩ সন্তান, ছেলে টুটুল (১০), মেয়ে জান্নাত (৬) সবার ছোট ছেলে জাকির (২) ও স্ত্রী আন্না বেগম (২৭)কে রেখে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন বাকস্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। এই অবস্থায় অসহায় দুই পরিবারের শিশুসন্তানের ভরণ-পোষণের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। এই হৃদয়বিদারক ঘটনার দিনটিতে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শাহাদাত বরণকারী রেফায়েত উল্লাহর গ্রামের বাড়িতে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় শাহাদত বরণকারী দুজনের স্মরনে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ছয়সূতী বাসস্ট্যান্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জজ কোর্টের নবনিযুক্ত এপিপি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খাঁন ও ছয়সুতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন রতন প্রমুখ।