# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজলের জামিন মঞ্জুর হয়েছে। তাকে একটি হত্যা মামলার অজ্ঞাত আসামি হিসেবে ২ অক্টোবর ভোরে র্যাব শহরের খরমপট্টি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছিল। ২০ অক্টোবর রোববার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লবের আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক সরকার। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিচারক জামিনের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন অশোক সরকার। এমএ আফজল কিশোরগঞ্জের ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপির দায়িত্বেও রয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট সদর থানায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে মামলা করেছিলেন। অজ্ঞাত আসামি করা হয় ২০০ থেকে ৩০০ জনকে। বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেওয়া আগুনে দুজন নিহত হওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছিল। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে এমএ আফজলকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন অ্যাডভোকেট অশোক সরকার।