# নিজস্ব প্রতিবেদক :-
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়েছে। তাতে আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক জনপ্রতিনিধিত্ব দাবি করা হয়েছে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে। এতে নির্বাচনে দলীয় কোন প্রার্থী থাকবে না। ভোটাররা প্রতীকে ভোট দেবেন। নির্বাচনের পর বিভিন্ন দল ভোটের অনুপাতে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এর ফলে দুর্নীতিবাজ আর কালো টাকার মালিকরা টাকা দিয়ে ভোট কিনে আর নির্বাচিত হতে পারবে না। কিন্তু জামায়াতের এই প্রস্তাব অনেকেই পছন্দ করেন না। তাদের ভয়, এই পদ্ধতিতে আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, তাতে জনগণ আর তাদের ভোট দেবে না। এখন এক দলকে ঠেকাতে জনগণ অন্য দলকে ভোট দেয়। তারা ক্ষমতায় যায়।
কিশোরগঞ্জে ১৯ অক্টোবর শনিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেব এসব কথা বলেছেন মতিউর রহমান আকন্দ। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জেনারেল মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী।
মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াত সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায়। সংস্কারের পরই নির্বাচন হতে হবে। তবে দিনরাত পরিশ্রম করে সংস্কার সম্পন্ন করতে হবে, সংস্কারের জন্য বেশি সময় নেওয়া যাবে না। আবার নির্বাচনের জন্য আমরা নির্দিষ্ট সময়ও দিতে চাই না, সরকারকে চাপে রাখতে চাই না।
মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি অবদান রেখেছে। জামায়াত সবসময় নতুন প্রস্তাব দেয়। অধ্যাপক গোলাম আযমই এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রথম কেয়ারটেকার সরকারের প্রস্তাব দিয়েছিলেন। সেই দাবিতে আন্দোলন সফল হলে কেয়ারটেকার সরকারের অধীনে ১৯৯১ সালে নির্বাচন হয়েছিল। এর জন্য জামায়াতকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত ছিল। কিন্তু বিভিন্ন দল কেয়ারটেকার সরকারের স্বাদ নিয়ে ক্ষমতায় গিয়ে আর সেটি রাখতে চায় না। ১৭৩ দিন হরতালের মাধ্যমে ১৯৯৬ সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আদায় করে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেটি বাতিল করে দেয়। সংবিধান সংশোধন করতে হবে। এক ব্যক্তি পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চালু হলে জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে সর্বাধিক আসনে বিজয়ী হবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি আরও বলেন, আগে জামায়াত নেতারা বিদেশীদের কাছে গিয়ে সাক্ষাৎ করতেন। এখন বিদেশীরা জামায়াতের অফিসে গিয়ে আমাদের আদর্শ সম্পর্কে খোঁজ নিচ্ছেন। তারা শরিয়া আইন নিয়ে ভয় পাচ্ছেন। আসলে শরিয়া আইন আর প্রচলিত আইনে তেমন পার্থক্য নেই। জামায়াত নারীদের সবচেয়ে বেশি অধিকার দিতে চায়। জামায়াতে সংখ্যানুপাতে নারী রুকন সদস্য আছেন, যা অন্য কোন দলে নেই।
মতিউর রহমান আকন্দ আরও বলেন, দলের পক্ষ থেকে আমীর ডা. শফিকুর রহমান গত ৯ অক্টোবর সংস্কারের ১০টি প্রস্তাব দিয়েছেন। এগুলি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত বিচার ব্যবস্থারও সংস্কার চেয়েছে। বিচারক ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগ ধ্বংস হয়েছে। কয়েকদিন আগে একজন বিচারপতি এক আইনজীবীতে থাপ্পর মারার কথা বলেছেন। এ ধরনের বিচারপতিদের তাড়াতে হবে। তিনি প্রশাসন ও পুলিশ বিভাগেরও সংস্কার দাবি করেছেন।
প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী সরকারের সাড়ে ১৫ বছরে ১৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। কারা পাচার করেছে, কোন দেশে পাচার করেছে, তা চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ১৭ কোটি মানুষের দেশে ১৮ লাখ কোটি টাকা ঋণ। সদ্য জন্ম নেওয়া শিশুর মাথায়ও এক লাখ ১১ হাজার কোটি টাকার ঋণ। সম্মেলনের বিশেষ অতিথি ড. মাওলানা সামিউল হক ফারুকী বলেছেন, কেবল সৎ আর ধার্মিক হলেই মানুষের মন জয় করা যাবে না। মানুষের যে কোন আপদে বিপদে পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে এরকম হতে হবে। তাহলেই মানুষ আপনাদের গ্রহণ করবে, ভোটের সময় নির্বাচিত করবে।