• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

একরামপুরে শহর অচল মুক্তির ভরসায় বাইপাস

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় যানজটের চিত্র -পূর্বকণ্ঠ

একরামপুরে শহর অচল
মুক্তির ভরসায় বাইপাস

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জ জেলা শহরের ট্রাফিক ব্যবস্থার ‘হৃদযন্ত্র’ বলা হয় একরামপুর তিন রাস্তা মোড়কে। হৃদযন্ত্র সচল থাকলে যেমন সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে, আবার হৃদযন্ত্র বিকল হলে পুরো দেহই অচল হয়ে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। একরামপুর মোড়ে যানজট লেগে থাকলে তেমনি সারা শহরে এর প্রভাব পড়ে। সাড়া শহর তখন থমকে থাকে। তবে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক থেকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত নির্মাণাধীন ৭ কিলোমিটার বাইপাস সড়কটি যানজট নিরসনের ভরসা হিসেবে কাজ করবে বলে কর্তৃপক্ষ মনে করছেন।
একরামপুর মোড় পেরিয়ে জেলার পূর্বাঞ্চলের একটি বিশাল অংশের যানবাহন জেলা শহরে আসে। আবার জেলা শহর পেরিয়ে বহু যানবাহন কিশোরগঞ্জ-ঢাকা এবং কিশোরগঞ্জ-ময়মসিংহ আঞ্চলিক মহাসড়ক ধরে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। আবার বিপরীত দিক থেকেও বহু যানবাহন জেলার পূর্বাঞ্চলে যায়। এছাড়া এই মোড় হয়েই যাতায়াত করতে হয় রেল স্টেশন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সদর উপজেলার দক্ষিণাংশের বিশাল এলাকা, নিকলী ও কটিয়াদী উপজেলারও অনেক এলাকায়। ফলে একরামপুর তিন রাস্তার মোড়টি একটি গুরুত্বপূর্ণ জংশন চরিত্র ধারণ করে আছে। এই মোড়ে যানজট মানে পুরো শহর অচল। এর প্রভাব পড়ে পুরো শহরে।
একরামপুর মোড়ে গিয়ে দেখা গেছে, বৃহদাকার ট্রাক, কাভার্ড ভ্যান আর ইট বোঝাই ট্রাক্টরসহ ছোটবড় প্রচুর যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে আছে। তীব্র যানজটে যেন গাড়িগুলির গতি স্তব্ধ হয়ে আছে। ট্রাফিক পুলিশ দিয়েও এখানকার পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন ভারি যানবহানের শহরে প্রবেশে মানা। কিন্তু একরামপুর যেন এই বিধিনিষেধের বাইরে। বাইরে থেকে ভারি যানবাহনগুলো শহরের দক্ষিণাংশের বত্রিশ, মনিপুরঘাট, সিদ্ধেশ্বরী এবং স্টেশন রোড ধরে একরামপুরে চলে আসে। তখনই একরামপুরে তৈরি হয় তীব্র যানজট। অনেক যাত্রী যানজটের কারণে ট্রেন ফেল করেন। অনেকে ট্রেন ধরার জন্য মাঝপথে নেমে বড় বড় লাগেজ মাথায় নিয়ে বা কাঁধে ঝুলিয়ে হেঁটে যেতে বাধ্য হন স্টেশনে। অটোচালক কাজল মিয়া ও মিলন মিয়া জানান, যানজটের কারণে তাদের আয়ও কম হয়। কারণ, যেই গন্তব্যে আধা ঘন্টায় তিনবার যাতায়াত করা যেত, সেখানে কেবল যেতেই আধা ঘন্টা লেগে যায়।
এমনিতেই পৌর কর্তৃপক্ষের অনুমোদিত ৬৫০টি ব্যাটারি চালিত অটোরিকশার বাইরে আরও প্রায় সমান সংখ্যক মিশুক আর ব্যাটারিচালিত প্যাডেল রিকশা শহরে চলাচল করে। ফলে সবসময় শহরের ভেতর যানজট লেগেই থাকে। এর ওপর একরামপুর মোড়ে যানজট থাকলে শহরের ভেতরের যানজট আরও দুর্বিসহ হয়ে ওঠে। মাঝে কিছুদিন অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে একটি যানজট নিরসন কমিটি কাজ করলেও সেটি এখন আর নেই। বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ জানিয়েছেন, তিনি এখানে ৮ মাস হলো যোগদান করেছেন। এ ধরনের কোন কমিটি আছে, বিষয়টি তাঁর জানা নেই। তবে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করে এ ধরনের কমিটি আবার সচল করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
এদিকে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জসহ জেলার পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে যেসব যানবাহন একরামপুর হয়ে চলাচল করে, এদের জন্য একটি প্রশস্ত বাইপাস রাস্তা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন, তাঁর বিভাগের তত্ত্বাবধানে ৭০ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ বাইপাসটি নির্মিত হচ্ছে। ২৪ ফুট প্রশস্ত বাইপাসটি নির্মাণ করছে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান- তাহের ব্রাদার্স লিমিটেড, মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড ও রানা ব্রাদার্স এন্টারপ্রাইজ।
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার বৌলাই ছয়না এলাকা থেকে বাইপাসটি শুরু হচ্ছে। এরপর শহরের দক্ষিণ দিকে যশোদল টেক্সটাইল মিল পেরিয়ে গিয়ে লাগবে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে। তখন কিশোরগঞ্জ শহরে আর জেলার পূর্বাঞ্চলে যাতায়াত করা যানবাহনের চাপ পড়বে না বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়য়া। তবে বাইপাসের জন্য ৪৩ একর ভূমি অধিগ্রহণে কিছুটা জটিলতা ছিল। যে কারণে ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাইপাস তৈরির মেয়াদকাল থাকলেও কাজে ধীরগতি ছিল। তবে ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে গেছে। ভূমির মালিকদের অধিগ্রহণের টাকা নেয়ার জন্য প্রশাসন থেকে ৮ ধারায় নোটিশ করা হয়েছে। এখন কাজের গতি বাড়বে। তার পরও প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়াতে হতে পারে বলে নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া মনে করছেন।
তিনি জানান, মিঠামইনে সেনানিবাস চালু হয়েছে। এছাড়াও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওরে বর্ষা মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন। ফলে হাওরের সঙ্গে সড়ক সংযোগের জন্য সেতু বিভাগের উদ্যোগে একটি উড়াল সড়ক নির্মাণের ভূমি অধিগ্রহণ চলছে। এটি হয়ে গেলে যানবাহনের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। এর জন্যও বাইপাসটি অপরিহার্য বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া। তখন জেলা শহর এসব যানবাহনের প্রভাব থেকে মুক্ত থাকবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *