# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সরকারি কাজে কিশোরগঞ্জ সফর করেন। তার সম্মানে ১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে একতা নাট্যগোষ্ঠী লোকগাঁথা ভিত্তিক মহুয়া গীতিনাট্য মঞ্চস্থ করে।
১৪ নভেম্বর মঙ্গলবার সকালে তিনি সদর উপজেলা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অবসর সময় কাটানোর জন্য নির্মিত একটি গোলঘর উদ্বোধন করেন। সেখানে একটি বকুল ফুলের চারা রোপন করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রিও বিতরণ করেন।
এরপর বিভাগীয় কমিশনার যান নিকলীতে। সেখানে তিনি মজলিশপুর এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রিও বিতরণ করেন। শেষে তিনি কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাকিলা পরভীন প্রমুখ।