# নিজস্ব প্রতিবেদক :-
কুলিয়ারচরে রাতের আঁধারে দুর্বৃত্তরা রেললাইন কিছুটা কেটে ফেলেছিল। তবে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। সকল ট্রেন যথাসময়ে চলাচল করেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান।
কুলিয়ারচর স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানিয়েছেন, কুলিয়ারচর থেকে ভৈরবের দিকে আউটার সিগনালের কাছে দুর্বৃত্তরা রেললাইন কাটার চেষ্টা করেছে। পুরোটা আলগা করতে পারেনি। ১০ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে কাজটি করেছে। তবে তাতে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লোহা কাটার করাত দিয়ে লাইনটি কাটার চেষ্টা করেছিল। এক ইঞ্চির মত কেটেও ফেলেছিল। কিন্তু পুরোটা আলগা করতে পারেনি। তিনি জানান, ময়মনসিংহের নান্দাইল এলাকায় দুদিন আগে রেললাইন কাটার খবর পাওয়া যায়। এর পরই তিনি কিশোরগঞ্জের পুলিশ সদস্যদের নান্দাইল প্রান্ত থেকে কিশোরগঞ্জের ভৈরব প্রান্ত পর্যন্ত ৭৪ দশমিক ৯ কিলোমিটার রেললাইনের প্রতি ইঞ্চি পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তাতেই কুলিয়ারচরে শনিবার রেললাইন কাটার চেষ্টার নমুনা ধরা পড়ে। নান্দাইলের ঘটনায় তিনজন আটক হয়েছে। কুলিয়ারচরের ঘটনায়ও দায়ীদের সহসাই চিহ্নিত করে আটক করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জনিয়েছেন, লাইন কিছুটা কাটা হলেও কোন ট্রেনই বিলম্বিত হয়নি। রোববারও ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন যথাসময়ে সকাল ১০টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছেছে। আবার এগারসিন্দুর গোধূলি যথাসময়ে বেলা ১২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিশোরগঞ্জ-ঢাকা, কিশোরগঞ্জ-চট্টগ্রাম ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের সকল ট্রেনই স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে অবরোধের কারণে যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়য়ের তুলনায় কিছুটা কম। এগারসিন্দুর গোধূলি ট্রেনের সহকারী চালক ফারুক হোসেনও জানিয়েছেন, অবরোধের সময় একদিনও ট্রেন বন্ধ থাকেনি। যথাসময়ে তারা ট্রেন চালাচ্ছেন।