# নিজস্ব প্রতিবেদক :-
ধর্ষণ মামলায় আটক খেলাফত মজলিস নেতা মামুনুল হকসহ অন্যান্য আলেম উলামাদের মুক্তি দাবি করেছে খেলাফত যুব মজলিস। এ দাবিতে তারা ১০ নভেম্বর শুক্রবার বিকালে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও শহীদি মসজিদ প্রাঙ্গনে মানববন্ধন করেছে।
খেলাফত যুব মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল গণি, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মিজবাহ উদ্দিন, জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মো. মোকাররম প্রমুখ।
বক্তাগণ বর্তমান সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। অন্যথায় নির্বাচন করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। তারা দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি মামুনুল হকসহ কারাবন্দি সকল আলেম উলামাদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রীকে প্রমাণ দিতে আহবান জানান যে, তিনি এদেশে ‘রামরাজত্ব’ কায়েম করতে চান না। মিছিল ও মানববন্ধনের সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।