# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলার মামলার ধার্য তারিখ ২৫ জুলাই মঙ্গলবারও সাক্ষ্যগ্রহণ হয়নি। বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক নতুন তারিখ ধার্য করেছেন আগামী ২৯ আগস্ট। এর আগে আরও দুটি তারিখ গেছে। ওইসব তারিখেও সাক্ষ্যগ্রহণ হয়নি বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক।
এ মামলায় মোট সাক্ষী আছেন ১০২ জন। মঙ্গলবার ১৮ জনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। বাদীসহ ১৭ জন সাক্ষী উপস্থিত ছিলেন বলে পরিদর্শক আবু বকর সিদ্দিক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম জানিয়েছেন। কিন্তু ৫ আসামীর মধ্যে বড় মিজানকে (৬৬) রাজশাহী কারাগার থেকে, রাজিব গান্ধীকে (৩৫) গাজীপুর কারাগার থেকে, আনোয়ার হোসেন (৫২) ও জাহিদুল হক তানিমকে (৩১) কিশোরগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় কিশোরগঞ্জের সন্ত্রাস দমন ট্রাইবুনালে হাজির করা হয়। অপর আসামী সোহেল মাহফুরের (৩৯) বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাকে রাজশাহী কারাগার থেকে আনা সম্ভব হয়নি বলে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম জানিয়েছেন, ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক কারা মহাপরিদর্শকের প্রতি আদেশ দিয়েছেন, যেন আগামী তারিখে সকল আসামীকে ট্রাইবুনালে হাজিরের ব্যবস্থা করেন। জঙ্গিরা যতক্ষণ আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন, ততক্ষণ আদালতের বাইরে বিপুল সংখ্যক সশস্ত্র আইন শৃংখলা বাহিনীর সদস্য ঘিরে ছিলেন।
আদালতের বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা -পূর্বকণ্ঠ
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন নব্য জেএমবির জঙ্গিদের ভয়াবহ হামলায় দুই পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং এক গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিহত হয়েছিলেন। সেসময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির রহমান (২৩) নামে এক জঙ্গিও নিহত হয়েছিলেন। আটক হয়েছিলেন অপর জঙ্গি শফিউল ইসলাম (২২) ও জাহিদুল হক তানিম (৩১)।
এ ঘটনায় পুলিশের পরিদর্শক মো. সামছুদ্দিন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০২৩) এর ৬(২)/৮/৮/১০/১২/১৩ ধারায় ১০ জুলাই মামলা করেছিলেন। আসামী করা হয়েছিল শফিউল ইসলাম ও জাহিদুল হক তানিমকে। পরবর্তী সময়ে তদন্ত করে ২৪ জনকে আসামী করা হলেও শফিউল ইসলামসহ ১৯ জন বিভিন্ন সময় এনকাউন্টার ও আত্মঘাতি হয়ে মারা গেছেন। জীবিত ৫ জন বর্তমানে কারাগারে আছেন। এরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী (৩৫), চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বড় মিজান (৬৬), কুষ্টিয়ার কুমারখালীর সোহেল মাহফুজ (৩৯), জঙ্গিদের আশ্রয়দাতা গাইবান্ধার আনোয়ার হোসেন (৫২) ও কিশোরগঞ্জ শহরের জাহিদুল হক তানিম (৩১)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। পরে উক্ত ৫ আসামীর উপস্থিতিতে ২০১৮ সালের ২৮ নভেম্বর স্পেশাল ট্রাইবুনালের তৎকালীন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম মামলার অভিযোগ গঠন করেছিলেন।