কিশোরগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কাল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিবার্ষিক নির্বাচন। এ উপলক্ষে নির্বাচন বোর্ড আজ সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয় তুলে ধরেছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আহমেদ উল্লাহ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও মো. আলাউদ্দিন তাদের বক্তব্যে বলেন, কমিটিতে পরিচালক কর্মকর্তার সংখ্যা ১৯ জন। এর মধ্যে ভোটে নির্বাচিত হবেন সাধারণ গ্রুপ থেকে ১০ জন, সহযোগি গ্রুপ থেকে ৫ জন, আর টাউন এসোনিয়েশন গ্রুপ থেকে ২ জন। আর কো-অপ্ট করা হবে দু’জনকে। তবে টাউন গ্রুপ থেকে ইতোমধ্যে জেলা চেম্বারের বর্তমান সভাপতি মুজিবুর রহমান বেলাল ও হারুন-অর রশিদ নামে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ভোট হবে বাকি ১৫টি পদে। এতে সাধারণ গ্রুপের প্রার্থী আছেন ১১ জন, আর সহযোগি গ্রুপে প্রার্থী আছেন ৬ জন। এবার সাধারণ গ্রুপ, সহযোগী গ্রুপ ও টাউন এসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার আছেন ৫৯১ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ৫০ জন। শহরের অতিথি কমিউনিটি সেন্টারে আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচিত পরিচালকরা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিজেদের ভোটে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।