ভৈরবে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১২ কেজি গাঁজাসহ মাইনুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকাল সোয়া ৫টার দিকে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। আটককৃত মাইনুল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ গ্রামের ভূঁইয়াবড়ির মৃত তাহের মিয়ার ছেলে।
রেলওয়ে থানা পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে কর্তব্যরত কুলাউড়া রেলওয়ে থানার কনস্টেবল নাঈম মিয়া ট্রেনে ডিউটিতে থাকা অবস্থায় ট্রেনের ‘খ’ বগিতে (কেবিন) মাইনুলকে একা দেখে জিজ্ঞাসাবাদ করলে মাইনুল ঘাবড়ে যান। এতে করে মাইনুলের প্রতি সন্দেহ জাগে কনস্টেবল নাঈমের। এ সময় ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করে যাচ্ছিলো। স্টেশনের অদূরে ট্রেনটি ধীরগতি হলে কনস্টেবল নাঈম মিয়া মাইনুল ইসলামকে আটক করে ট্রেন থেকে নেমে গিয়ে ভৈরব রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ মাইনুলকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এসে মাইনুলের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করলে তা থেকে ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় আটকৃত মাইনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানা পুলিশ।