কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে পৌরসভা কর্তৃক নির্ধারিত ৬শ’ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করবে হলুদ রঙে সেজে নির্দিষ্ট সিরিয়াল নম্বর ও স্টিকার বহন করে। এগুলি কেবল পৌসভার সীমানার ভেতর চলাচল করবে। শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে হলুদ রং করে তাতে স্টেনসিল দিয়ে সিরিয়াল নম্বর বসিয়ে স্টিকার লাগানোর কাজ। বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফাকে আহবায়ক করে পুলিশ বিভাগ ও পরিবহন সেক্টরসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি পৌর এলাকার চতুর্পাশে স্থাপন করেছে ১১টি স্ট্যান্ড। পৌর এলাকার নির্ধারিত অটোগুলো এসব স্ট্যান্ড পর্যন্ত চলাচল করবে। এর বাইরের ইউনিয়ন ও উপজেলাগুলোর অটোগুলো এসব স্ট্যান্ড থেকে যাত্রী উঠিয়ে চলে যাবে যার যার গন্তব্যে। পৌর এলাকার অটোগুলো পৌরসভার সীমার বাইরে যাবে না, আর বাইরের অটোগুলো পৌর এলাকায় ঢুকবে না। এভাবেই যানজট নিরসনের একটি পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কিশোরগঞ্জে হলুদ অটোগুলোকে স্টেনসিল দিয়ে সিরিয়াল নম্বর বসানো হচ্ছে। -পূর্বকণ্ঠ
আজ ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, অনেকগুলো অটো অপেক্ষমান আছে। তাতে স্প্রে মেশিনে হলুদ রং করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি অটোর সামনের গ্লাসের ওপরে ছাদের সামনের অংশে স্টেনসিল বসিয়ে রং করে এঁকে দেয়া হচ্ছে সিরিয়াল নম্বর। এরপর দেয়া হবে পৌরসভার মনোগ্রাম ও ক্রমিক নম্বরসহ একটি করে স্থায়ী স্টিকার। পৌর এলাকায় চলাচলের জন্য নির্ধারিত ৬শ’ অটোরিকশাই এই হলুদ রং ধারণ করে সিরিয়াল নম্বর ও নির্ধারিত স্টিকার বহন করে ১১টি স্ট্যান্ড ভিত্তিক রুটে চলাচল করবে। এর ফলে শহরে দীর্ঘদিনের যানজটের অবসান হবে বলে মনে করা হচ্ছে।