কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ আন্তঃজেলা সড়ক প্রায় ১০ কিলোমিটার খানাখন্দে বেহাল হয়ে আছে। টেন্ডার হলেও ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ময়মনসিংহের নান্দাইল থেকে হোসেনপুর উপজেলার ওপর দিয়ে এই রাস্তা ধরে প্রতিদিন ঢাকার মহাখালি টার্মিনালে বাস চলাচল করে। প্রতিদিন চলাচল করে মাইক্রো, প্রাইভেট কারসহ শত শত হালকা যানবাহন। কিন্তু রাস্তার জুড়ে পুকুরের মত হয়ে পানি জমে আছে। কোথাও কোথাও এক ফুট গভীর গর্ত হয়ে আছে। বৃষ্টির পানি জমে আছে, বোঝারও উপায় থাকে না কোথায় কেমন গর্ত আছে। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন গোবিন্দপুর এলাকার বাসিন্দা আলাল মিয়া। গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নান্দাইলের বাকচান্দা থেকে হোসেনপুরের মাধখলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জায়গা এই বেহাল অবস্থায় পড়ে থাকলেও ঢাকার ঠিকাদার কাজ ফেলে রেখেছেন। চেয়ারম্যান মাসখানেক আগে কিছু জায়গা নিজ উদ্যোগে মেরামত করেছেন বলেও জানিয়েছেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহিদুর রহমানকে রাস্তার ব্যাপারে প্রশ্ন করলে বলেন, রাস্তার এরকম বেহাল অবস্থার কথা তাকে কেউ এতদিন বলেননি। এমনকি গত মঙ্গলবার তিনি গোবিন্দপুর ইউপি কার্যালয় পরিদর্শনে গিয়ে ইউনিয়নে কোন সমস্যা আছে কি না, সবাইকে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু রাস্তার এতবড় সমস্যার কথা তখন চেয়ারম্যানসহ কেউ তাকে বলেননি। তিনি এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।