বেগম আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী আজ। অকুতোভয় নারীনেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আইভি রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ এবং তার পরিবারের লোকজন দিনব্যাপী ব্যাপক নানা কর্মসূচি গ্রহণ করেছেন। দিনের কর্মসূচির মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। তাছাড়া তার নিজ বাড়ি আইভি ভবনে সারাদিন ব্যাপী কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রথিতযশা এবং শিক্ষাবিদ। মা হাসিনা বেগম একজন আদর্শ গৃহিনী। ৮ বোন, ৪ ভাইয়ের মধ্যে আইভি ছিলেন ৫ম। বিবাহিত জীবনে তিনি, এক ছেলে নাজমুল হাসান পাপন দুই মেয়ে তানিয়া ও ময়না এবং স্বামী জিল্লুর রহমানকে নিয়ে সংসারে সুখেই ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন। তাঁর স্বামী মো. জিল্লুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি।
জাতির জনক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে আইভি রহমান ছাত্রজীবন থেকেই গণতন্ত্রের সংগ্রামে আত্মনিয়োগ করেন। ১৯৬২ সালে আইয়ুব শাহীর সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, সেপ্টেম্বরের মাসে শিক্ষা কমিশন আন্দোলন এবং ১৯৬৯ এর গণঅভ্যূত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদিকা নির্বাচিত হন। ’৭০ এর নির্বাচনে আইভি রহমান বীরোচিত ভূমিকা পালন করে ঢাকা শহরে নির্বাচনের সাংগঠনিক কাজে মহিলা আওয়ামী লীগের কর্মীদের নেতৃত্ব দেন।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিনি রাইফেল ও ফাস্ট-এইড ট্রেনিং নেন এবং অন্যান্য মহিলাদেরও ট্রেনিং দেন। মহান মুক্তিযুদ্ধ চলাচালীন মুজিব নগর সরকারের অধীনে ভারতে বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পগুলোতে কানাডীয়ান ইউনাইটারী মিশন এবং রামকৃষ্ণ মিশনের সহায়তায় খাবার, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতেন। মুক্তিযোদ্ধাদের মনোবল ও উদ্যম সৃষ্টির লক্ষ্যে তিনি জয়বাংলা রেডিওতে নিয়মিত কথিকা পাঠ করতেন।
৭১ এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তীকালে স্বেচ্ছাসেবী নারী সংগঠক বাংলাদেশ মহিলা সমিতি গঠিত হয়। মহিলা সমিতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং আমৃত্যু তিনি এ সমিতির উন্নয়নমূলক কাণ্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ নারী বর্ষ উদযাপন কমিটির তিনি ছিলেন একজন উদ্যোক্তা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের উপর নির্বিচারে অত্যাচার, নিপীড়নের সময় তিনি দৃঢ়তার সাথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে আইভি রহমানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নিযুক্ত করা হয়। তার ত্যাগ, অবদান ও গতিশীল নেতৃত্বের কারণে ১৯৮০ সালে তাকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়। উভয় ক্ষেত্রে সাংগঠনিক দায়িত্ব পালনকালে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম, নারী ও শিশুশ্রম প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সাহসী ভূমিকা রাখেন।
বেগম আইভি রহমান স্কুল জীবনে মুকুল ফৌজ, গার্লস গাইডে অংশগ্রহণের মাধ্যমে সমাজসেবা শুরু করেন। বাংলার অনগ্রসর মহিলা সমাজকে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে উদ্বুদ্ধ এবং সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে তিনি অগ্রগ্রামী সৈনিক সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার আদায়ে তিনি আজীবন ছিলেন একজন নিরলস কর্মী।
নারী আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের মধ্য সমন্বয় সমাধানের লক্ষ্যে ১৯৯৬-২০০১ সময়কালে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে অনবদ্য ভূমিকা পালন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ নারী উন্নয়নে জাতীয় নারী নীতিমালা ও কর্মপরিকল্পনা ঘোষণা করে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা হিসেবে নারী অধিকার ও নারী উন্নয়নে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
২০০০ সালে নারী ও শিশু নির্যাতন বিরোধী আইন প্রণয়নে আইভি রহমান অনবদ্য অবদান রাখেন। তিনি নারী অধিকার সচেতনে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এলায়ন্স অব উইমেন’ এর সম্মানিত সদস্য ছিলেন। স্বীকৃতি স্বরূপ তিনি The American Biographic Institute USA কর্তৃক Woman of the year 2000 নির্বাচিত হন। এর পাশাপাশি দেশেও বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
দলমত নির্বিশেষে নারী সংগঠন ও মানবাধিকার সংগঠনের মতামতের প্রতি ছিল তার অকুণ্ঠ সমর্থন। জাতীয় যৌতুক প্রতিরোধ সমিতি, এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়েশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান বাংলাদেশ মহিলা সমবায় সমিতির চেয়ারম্যানসহ আরও অনেক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।
২০০১-২০০৪ সময়কালে তিনি মহিলা সমিতির সদস্য হিসেবে আন্তর্জাতিক সংস্থা The Associated Country Women of the World (ACCWW) এর সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়ার এরিয়া প্রেসিডেন্ট হয়েছিলেন। আইভি রহমান ২০০৩ সালে বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে ঢাকায় একটি আন্তঃএশিয়া কনফারেন্স আয়োজনে নেতৃত্ব দেন।
বেগম আইভি রহমান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকা অবস্থায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে স্মরণকালের ভয়াবহতম ও বর্বোরোচিত গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলে তাঁর দুটি পা ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। ৫৭ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট রাত ২.০০ টায় তিনি শাহাদতবরণ করেন। সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য বেগম আইভি রহমান-কে স্বাধীনতা পুরস্কার-২০০৯ (মরণোত্তর) প্রদান করা হয়।
নারীর অধিকার আদায়ের সংগ্রামে ও সমাজের অবহেলিত শিশু, প্রতিবন্ধীদের কল্যাণে তার উজ্জ্বল ভূমিকা উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি রহমান তার নিজ বাড়ি ভৈরবে ছিলেন জনপ্রিয় এক ব্যক্তিত্ব, ভৈরবের যুব সমাজ তাকে আইভি আপা বা ভাবী বলে সন্বোধন করতেন। তার প্রিয় রাজনৈতিক সংগঠনক আওয়ামী লীগ ছাড়াও ভৈরবের সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। ১৯৯৮ এবং ২০০৪ সালের ভয়াবহ বন্যায় তিনি ভৈরবের বিপদগ্রস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। বন্যার নোংরা পানিতে নেমে জলাবদ্ধ মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। অকুতোভয় আজন্ম সংগ্রামী এ মানুষটির আকস্মিক মৃত্যু বাঙালি জাতি মেনে নিতে পারেনি। তেমনি পারেনি ভৈরবের সর্বস্তরের মানুষও। আন্দোলন, সংগ্রামে আইভি রহমানের অবদানের কথা বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।