কিশোরগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তাগণ বলেছেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের জন্য কেবল বাহ্যিক দৃশ্যমান খুনিদের বিচার করলে সেটা পূর্ণাঙ্গ হবে না। এর নেপথ্যে যেসব কুশিলব কাজ করেছেন, যারা ১৫ আগস্টের সুবিধাভোগী এবং খুনিদের প্রশ্রয়দাতা, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এর জন্য কমিশন বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করা যেতে পারে। খুনিদের বিভিন্ন সময়ের সাক্ষাতকারেও অন্তরালের কুশিলবদের নাম্ উঠে এসেছে বলে বক্তাগণ উল্লেখ করেছেন। তারা প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে মরণোত্তর বিচারের আয়োজন করারও দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার সকাল ১১টা থেকে তিন ঘন্টাব্যাপী জুম প্রযুক্তির সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ আলোচনায় অংশ নেন জেলা গণগন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, আওয়ামী লীগ নেত্রী বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ।
প্রধান অতিথি বলেছেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান দেখাতে হবে। আজকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে হবে, সবাই মিলে সহযোগিতা করতে হবে। অন্যান্য বক্তা বলেছেন, বঙ্গবন্ধুই প্রথম স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তার আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি তারই নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু কেবল বাঙালিদের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা। অনেক বিশ্ব নেতাও সেকথা স্বীকার করেছেন। বিভিন্ন সময় বঙ্গবন্ধু যেসব বক্তৃতা করেছেন, সেগুলি অনুসরণ করলে প্রতিপালন করলে একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। সভায় বলা হয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি জাতিসংঘের ইউনেস্কো বিশ্বের অন্যতম সেরা ভাষণ হিসেবে গ্রহণ করেছে। এই ভাষণটিকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পাঠ্য করার দাবি জানানো হয়েছে। শ্রেণীর মান অনুযায়ী পরীক্ষায় সেরকম মানের প্রশ্ন করা হবে। নতুন প্রজন্ম তাহলে এই ভাষণকে উপলক্ষ করে বঙ্গবন্ধুকে ভালমত জানতে পারবে, তাদের মধ্যে স্বাধীনতার পটভূমি সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে। তখন আর কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের জন্য দোয়া করা হয়।