পঁচাত্তরের ১৫ আগস্ট বলতে গেলে বিশ্বের ইতিহাসে এক বর্বর আর প্রতিহিংসার হত্যাযজ্ঞের কালো দিবস। এদিন একটি রাজনৈতিক উচ্চাভিলাষী কুচক্রি মহলের সঙ্গে আঁতাত করে বিপথগামী কিছু সেনা সদস্য বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আর এরকম একটি জঘণ্যতম হত্যাযজ্ঞের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওইদিন সকালেই কিশোরগঞ্জে প্রথম প্রতিবাদ মিছিল করেছিলেন কিছু দুঃসাহসী তরুণ। সেদিনের তরুণরা আজ অনেকেই জীবনের পড়ন্ত বেলায় উপনীত। অনেকেই মারাও গেছেন। যারা আজো বেঁচে আছেন, তারা বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা এবং এই হত্যাযজ্ঞের একটি পূর্ণাঙ্গ বিচার দাবি করেছেন। তারা সেদিনের এই নারকীয় হত্যাযজ্ঞের নেপথ্য নায়কদেরও চেহারা উন্মোচিত করে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট সকালে ঘাতকদের পক্ষ থেকে রেডিওতে বঙ্গবন্ধু হত্যার খবর প্রচার করা হয়। আর এই খবরটি শুনেই কিশোরগঞ্জের ২০ জন তরুণ তৎকালীন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আমিরুল ইসলাম, তৎকালীন জেলা ন্যাপের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক সরকার, জেলা ন্যাপের তৎকালীন কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মুক্তু, তৎকালীন সিপিবির সম্পদক গোলাম হায়দার চৌধুরী, তৎকালীন জেলা সিপিবির সদস্য নির্মলেন্দু চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সাধারণ সম্পাদক ড. হালিম দাদ খান, সদর থানা ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার, সদর থানা ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকউদ্দিন পনির, ময়ূখ খেলাঘরের সংগঠক অ্যাডভোকেট আলী আজগর স্বপন, বর্তমানে সিপিবি নেতা ডা. এনামুল হক ইদ্রিছ, তৎকালীন জেলা ন্যাপের সম্পাদকমণ্ডলির সদস্য প্রয়াত সেকান্দর আলী, অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, অলক ভৌমিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা আকবর হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সম্পাদক নূরুল হোসেন সবুজ, ব্যবসায়ী অরুণ কুমার রাউত, ব্যবসায়ী আব্দুল আহাদ, তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ লিয়াকত আলী বুলবুল ও ছাত্রলীগ নেতা গোপাল দাস সকালেই মিলিত হন জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে।
এক পর্যায়ে তরুণরা ‘মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’সহ নানা প্রতিবাদী শ্লোগান দিয়ে শহরে দৌঁড়ে দৌঁড়ে বিক্ষোভ মিছিল করেন। প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর কাছে মুহুর্তেই এ খবর পৌঁছে যায়। মিছিল শেষে দুঃসাহসী তরুণরা পুনরায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে পরবর্তী কর্মসূচী সম্পর্কে পরামর্শ করার মুহূর্তে পুলিশের গাড়ি এসে তাদের ধাওয়া করে। তরুণরা ছত্রভঙ্গ হয়ে শহর ত্যাগ করে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। আজ সেই তরুণদের কেউ রাজনৈতিক নেতা হয়েছেন, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন, আবার কেউ কেউ মরাও গেছেন।