বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের উদ্যোগে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জুম প্রযুক্তিতে কর্মশালা হয়েছে। আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আড়াই ঘন্টাব্যাপী কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা রোভার ও স্কাউট সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা স্কাউট কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। জেলা রোভার সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আলোচনা করেন রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, রোভার অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক খান মো. মাঈনুদ্দিন সোহেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, বাজিতপুর সরকারী কলেজের আরএসএল শিউলি আক্তার, ভৈরবের জিল্লুর রহমান সরকারী মহিলা কলেজের আরএসএল মাহমুদা খাতুন, সরকারী গুরুদয়াল কলেজের শিক্ষক ও জেলা রোভারের সহযোগী সদস্য করিম উল্লাহ নাদিম প্রমুখ।
জেলা প্রশাসক উদ্বোধনী আলোচনায় বলেছেন, ‘নোভেল করোনা ভাইরাস’ মহামারিতে বিশ্বব্যাপী এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল। উন্নত দেশসহ সকল দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছিল। অনেক নামিদামি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের চাকরি চলে গেছে। যে কারণে বিধিনিষেধ এখন শিথিল করা হয়েছে। তবে আমাদেরকে ভয় না পেয়ে সাহসের সাথে স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিষেধক না আসা পর্যন্ত সাবধানতার কোন বিকল্প নেই। আমরা সবাই যদি মাস্ক ব্যবহার করি, তাহলে করোনা মোকাবেলায় ৯৮ ভাগ সফলতা পাওয়া সম্ভব। তিনি করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ সম্পর্কেও সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে যার যার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতন থাকলে ডেঙ্গু মোকাবেলাও কোন কঠিন বিষয় নয়। তবে কিছু পদক্ষেপ নেয়ার ফলে এবছর কিশোরগঞ্জে মশার উপদ্রব আগের তুলনায় অনেক কম বলে তিনি মন্তব্য করেছেন। তার পরও ফুলের টব, বাড়ির ছাদসহ বিভিন্ন ছোট ছোট পাত্রে জমে থাকা পরিষ্কার পানির উৎস সম্পর্কে সজাগ থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।
মূল প্রবন্ধে অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, মানবদেহে ১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়লেও এবার এটি বিশ্বব্যাপী মহামারি হয়ে দেখা দিয়েছে। গতবছর ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগি ধরা পড়লেও এখন বিশ্বের ১৮৮টি দেশে তা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ধরা পড়ে পথম ৮ মার্চ। তবে দেশের অনেক জেলার তুলনায় কিশোরগঞ্জের পরিস্থিতি এখনো অনেক ভাল আছে। যাদের উপসর্গ নেই এবং মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তাদের মাধ্যমেই করোনা বেশি ছড়াচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব মানতে হবে। তবে এ জেলায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীসহ সকল মহলের প্রচেষ্টায় এখনো পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তিনি প্রবন্ধে এডিস মশার বংশ বিস্তার, ডেঙ্গুর লক্ষণ ও প্রকোপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ ব্যাপারেও সবাইকে যার যার পরিবেশ, বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখাসহ সচেতন থাকার আহবান জানিয়েছেন।
অন্যান্য বক্তাগণ বলেন, বিশ্বের সকল দেশেই করোনা ভাইরাস একটি নতুন, অচেনা এবং প্রাণঘাতি ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্বাস্থ্য বিভাগ করোনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য যেসব পরামর্শ ও নির্দেশনা দিয়ে যাচ্ছে, সেগুলি যথাযথভাবে প্রতিপালন না করার কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় আমাদের হাতে। রাস্তায় দেখা যায়, ৪০ ভাগ মানুষই মাস্ক ব্যবহার করে না। যখন কিশোরগঞ্জে দু’চারজন রোগি শনাক্ত হচ্ছিল, তখন মানুষের মধ্যে এক ধরনের প্রচণ্ড সতর্কতা দেখা গিয়েছিল। রাস্তা প্রায় ফাঁকা ছিল। মাস্ক ছাড়া কাউকে দেখা যেত না। আর এখন বিধিনিষেধ শিথিল করার পর থেকে অনেককেই মাস্ক ছাড়া দেখা যায়। ভীতি থাকা উচিত নয়, তবে সচেতনতা থাকতে হবে। তবে কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি সারা দেশের মধ্যে এখনো অনেক ভাল অবস্থায় রয়েছে উল্লেখ করে বক্তাগণ বলেন, সর্বশেষ ১২ আগস্টের রিপোর্ট অনুসারে জাতীয়ভাবে সুস্থতার হর ৫৭ দশমিক ৪৪ ভাগ। এদিন কিশোরগঞ্জে সুস্থতার হার ছিল ৮৭ দশমিক ২৭ ভাগ। করোনার ভয়াবহতা আর ডামাডোলে যেন ডেঙ্গু মোকাবেলার বিষয়টি আমরা ভুলে না যাই, এ ব্যাপারে সতর্কতা এবং সচেতনতামুলক প্রচারণা জোরদার করার ওপরও বক্তাগণ গুরুত্বারোপ করেন।