কিশোরগঞ্জে নতুন আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৮ জন, আর মারা গেছেন ভৈরব হাইওয়ে পুলিশের এক সদস্য। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ১১২টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে আছেন বাজিতপুরে ৭ জন, পাকুন্দিয়ায় ৪ জন, ভৈরবে ৩ জন, কুলিয়ারচরে ২ জন এবং সদর উপজেলা, হোসেনপুর ও নিকলীতে একজন করে। নেগেটিভ হয়েছে ৯৩টি নমুনা। আর সুস্থ হওয়া ৮ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৫ জন, আর ভৈরবে ৩ জন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৭১৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৬২ জন, আর মারা গেছেন ৩০ জন। ফলে শুক্রবার জেলায় চিকিৎসাধীন মোট রোগি ছিলেন ৩২৫ জন। জেলায় শুক্রবার পর্যন্ত ১৩ হাজার ৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে।