# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নে ২৫ জুলাই শুক্রবার দুপুরে পারিবারিক ঝগড়ার সময় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাদ্দাম অত্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুষারকান্দি গ্রামের হারুন-অর রশিদের ছেলে। পরিবারের কেউ বলছেন সাদ্দাম হৃদরোগী ছিলেন, কেউ বলছেন বুকে লাথি মারার কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ।
বারঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে সাদ্দামদের পরিবারের সাথে চাচাদের পরিবারের ঝগড়া হচ্ছিল। সাদ্দামের স্ত্রী হুমায়রা বলেছেন, তার স্বামী হৃদরোগী ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে সাদ্দামকে তারা সরিয়ে নেন। এর পরই সাদ্দাম মারা যান। তবে মেম্বার নজরুল ইসলামের কাছে সাদ্দামের ভাই তামিম বলেছেন, সাদ্দামের বুকে তার চাচা আনসান লাথি মারলে হাসপাতালে নেওয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়। পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে মেম্বার নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন।
ওসি মাহবুব মোরশেদ জানিয়েছেন, সাদ্দামের মৃত্যু সম্পর্কে দুই রকম ভাষ্য পাওয়া গেলেও ময়না তদন্তে সব পরিষ্কার হবে। তখন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের ময়না তদন্ত নিয়ে স্বজনরা ব্যস্ত। লাশ দাফনের পর তারা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।