কিশোরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ে জুম প্রযুক্তিতে ভিডিও সভা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টা থেকে প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকাররম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, অষ্টগ্রামের উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান সারওয়ার আলম, করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, নিকলী উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া প্রমুখ।
জেলা প্রশাসক বলেছেন, এখন বিশ্বব্যাপী করোনা দুর্যোগ চলছে। এর মাঝেই এখন বন্যার মত প্রাকৃতিক দুর্যোগও আমাদের মোকাবেলা করতে হবে। বন্যার বাইরেও হাওরাঞ্চলে এখন পর্যন্ত বজ্রপাত ও পানিতে ডুবে ১৮ জন মানুষ মারা গেছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি বলেন, জেলার ৬টি পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয়। এর মধ্যে ৪টি পয়েন্টেই বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যাপ্রবণ এলাকাগুলো, বিশেষ করে হাওরাঞ্চলের বন্যা আশ্রয়কেন্দ্রগুলোকে পুরোদমে প্রস্তুত রাখতে হবে। শুকনো খাবারসহ খাদ্যসামগ্রী ও দিয়াশলাই সবাইকে মজুদ রাখার পরামর্শ দিতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখার জন্যও জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। তিনি পানীয় জলের চাহিদা পূরণের জন্য বন্যাপ্রবণ এলাকার নলকূপগুলোকে উঁচু করার পরামর্শ দেন। হাওরের নৌযানগুলিকে বিপদের সময়ের জন্য প্রস্তুত রাখার জন্যও উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। তিনি সময়মত গবাদি পশুগুলিকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের জন্যও পরামর্শ দিয়েছেন। বর্তমানে দেশের ২৪টি জেলায় বন্যা হচ্ছে। তবে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অবস্থা এখনো নাজুক পর্যায়ে যায়নি বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুরের কিছু এলাকা ভাঙনের দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানিয়েছেন। বর্ষাকালে হাওরাঞ্চলে নৌদুর্ঘটনার আশঙ্কার কথা উল্লেখ করে কোন কোন বক্তা অতিরিক্ত যাত্রী বোঝাই এবং যাত্রীবাহী ট্রলারে মালামাল বোঝাই বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কোন কোন বক্তা হাওরের বিভিন্ন এলাকায় বালু দস্যুদের বালু উত্তোলনের ফলে নদী ও জনপদে ভাঙনের সৃষ্টি হচ্ছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এর জবাবে জেলা প্রশাসক বলেছেন, এদের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেয়া হয়েছে, আগামীতেও নেয়া হবে। তারা নিজেদের যত শক্তিশালীই মনে করুক, প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী নয়। সভায় কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ একযোগে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলা হয়, এ জেলায় আক্রান্তের বিপরীতে সুস্থতার হার বেশ আশাব্যঞ্জক। তবে সবাই আরো সচেতন হলে এ পরিস্থিতি আরো সহজে মোকাবেলা করা সম্বভ হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।