# নিজস্ব প্রতিবেদক :-
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসদের (মার্ক্সবাদী) পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দলের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য অজিত দাস, বনানী রায়, উপজেলা সংগঠক আব্দুর রাজ্জাক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা জায়েদ হাসান ওয়ালিদ, কবি ও সংগঠক শরীফ মল্লিক প্রমুখের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার গাজীরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা ও নড়াইল ইউনিয়নের গোপীনগর গ্রামে ত্রাণ বিতরণ করে।
নেতৃবৃন্দ বলেন, হালুয়াঘাট উপজেলার ৬টি ইউনিয়নে হাজার হাজার মানুষ আজ পানিবন্দী। ময়মনসিংহের অন্যান্য উপজেলা এবং শেরপুর আর নেত্রকোণায়ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার বন্যা দুর্গত মানুষ খাদ্য আর আশ্রয় ছাড়াও চিকিৎসা সঙ্কটে ভুগছেন। বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সংগঠনের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দিলেও তা পর্যাপ্ত নয়। নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানিয়েছেন দ্রুততার সাথে এসব বন্যাপীড়িত মানুষের নিরাপদ আশ্রয়, খাদ্য, চিকিৎসাসহ যাবতীয় সহায়তা প্রদানের জন্য। বন্যা দুর্গত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি মেরামতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যও সরকারের প্রতি নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন। বন্যা পরবর্তী সময়ে বিনামূলে সার, বীজ, মাছের পোনা সরবরাহ এবং শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে রেশনিং ব্যবস্থা চালু করার জন্যও তারা আহবান জানিয়েছেন।