# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন দুইজন। নিহত ব্যক্তি সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি এলাকার মঞ্জিল মিয়া (৪৫) বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন। আজ ১৫ এপ্রিল শনিবার সকালে এ হত্যাকাÐের ঘটনাটি ঘটেছে।
চেয়ারম্যান জানান, এলাকার শাহীন মিয়ার মুরগির খামারে শুক্রবার তুচ্ছ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মজিদের কথা কাটাকাটি হয় তাদের দাদা সম্পর্কীয় প্রতিবেশি গিয়াস উদ্দিনের সঙ্গে। এসময় গিয়াস উদ্দিন মোবাইল করলে তাঁর স্বজনরা এলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সন্ধ্যার পর চেয়ারম্যান বিষয়টি মিটমাট করে দিলেও শনিবার সকালে গিয়াস উদ্দিনের লোকজন দাসহ দেশীয় অস্ত্র নিয়ে মজিদদের ওপর হামলা করেন। এসময় মজিদ, মজিদের মা আছমা আক্তার (৪৫) ও মজিদের চাচা মঞ্জিল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঞ্জিল মিয়া মারা যান।
এ ঘটনায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, থানায় মামলাও হয়নি বলে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন।