কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি জমজমাট মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলায় গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, সংরক্ষিত আসনের সাবেক এমপি দিলারা বেগম আছমা প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে একতা নাট্যগোষ্ঠীর শিল্পীগণ -পূর্বকণ্ঠ
বক্তাগণ তাদের আলোচনায় বলেন, সম্রাট আকবর নতুন ফসল কাটা আর খাজনা আদায়ের সময়কাল নিরূপনের লক্ষ্য নিয়ে বাংলা বর্ষের সূচনা করেছিলেন। এখন এটি বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসবের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর রমনা বটমূলে ছায়ানট যেমন বহু বছর আগে থেকে গানে গানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে, চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে, জেলায় জেলায়ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানিকতায় নববর্ষ উদযাপিত হচ্ছে। রাজধানীর মঙ্গল শোভাযাত্রাকে ২০১৬ সালে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলা নববর্ষের উৎসব কোন নির্দিষ্ট ধর্মের মানুষের নয়, সকল বাঙালির প্রাণের উৎসব। নববর্ষের কর্মযজ্ঞ জঙ্গিবাদ আর কুপমুণ্ডুকতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার বলেও বক্তাগণ মন্তব্য করেছেন। গত দু’বছর করোনার কারণে নববর্ষের উদৎসব করা সম্ভব ছিল না। আর এবার রমজানের কারণে উৎসব আয়োজন কিছুটা সীমিত করা হয়েছে। তবে দিবসটিকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতির আবেগ আগের মতই বিদ্যমান।
আলোচনাশেষে একতা নাট্যগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে আবহমান বাংলার নবান্ন উৎসব, মাছ ধরা, লোককাহিনী আর নৌকা বাইচসহ নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।