• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে এক মৃতের গায়ে আলাদা রক্ত ও মুরগির পাখা, রহস্য উদঘাটনে লাশ মর্গে

তাড়াইলে এক মৃতের গায়ে
আলাদা রক্ত ও মুরগির পাখা
রহস্য উদঘাটনে লাশ মর্গে

# মোস্তফা কামাল :-

তাড়াইলের দিগদাইর ইউনিয়নের প্রাক্তন মেম্বার আব্দুর রাশিদের (৭০) মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্বজনরা হত্যা দাবি করলেও তার গায়ে সন্দেহজনক আঘাতের চিহ্ন ও আলাদা রক্তের আলামত পাওয়া গেছে। শরীরে পাওয়া গেছে মুরগির বেশ কিছু ছোট ছোট পাখা। এসব পাখা এবং রক্তের আলামত পুলিশ জব্দ করেছে। মৃত্যু নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করলে এক পর্যায়ে মৃতের ছেলে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইলেও পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, তাড়াইলের দিগদাইড় এলাকার ডুবাইল জলমহাল নিয়ে জনৈক সাদেক ভেন্ডারের লোকদের সঙ্গে সোমবার সন্ধ্যায় গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে সাদেক ভেন্ডারের লোক মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) বল্লমের আঘাতে গুরুতর আহত হলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, ঘটনার অনেক পরে রাশিদ মেম্বারের পরিবার থেকে জানানো হয়, রাশিদ মেম্বার বাড়িতে স্ট্রোক করে মারা গেছেন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রাশিদ মেম্বারের বাড়িতে গেলে সেখানে মৃতদেহ পাওয়া যায়নি। তখন পরিবার থেকে জানানো হয়, রাশিদ মেম্বারকে আসলে খুন করা হয়েছে। জলমহালের কাছেই একটি জমিতে তার লাশ পড়ে আছে। সেখানে লাশের কাছে গিয়ে পুলিশ দেখতে পায়, তার বুক ও পেটে কিছু টেঁটা জাতীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু সেখান থেকে আঘাতজনিত কোন রক্তপাত হয়নি। শরীরের বিভিন্ন জায়গায় বৃষ্টির ফোটার মত জমে থাকা আলাদা কিছু রক্তের ছিটা দেখা গেছে। এমনকি শরীরে কিছু ছোট ছোট মুরগির পাখা লেগে থাকতেও দেখা গেছে। ওসি রক্তের নমুনা এবং কয়েকটি পাখা জব্দ করে লাশ থানায় নিয়ে আসেন। ওসি জানান, রাত প্রায় আড়াইটা পর্যন্ত থানার পুলিশ, পিবিআই এবং ডিবির সদস্যরা জমিতে লাশের কাছে অবস্থান করলেও স্ত্রী-কন্যা কেউ লাশের কাছে যায়নি। এটাও রহস্যজনক মনে হয়েছে। কারণ কেউ সংঘর্ষে মারা গেলে পরিবারের লোকজন লাশের কাছে ছুটে যাবে এবং আহাজারি করবে। অথচ কেউ সেখানে যায়নি।
ওসি জানান, লাশ থানায় নিয়ে আসার পর নিহতের ছেলে সাদ্দাম থানায় গিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফন করে ফেলতে চেয়েছিলেন। এতে সন্দেহ আরও দানা বাঁধে। যে কারণে লাশ মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। লাশের ময়না তদন্ত করা হলে এবং ল্যাবে রক্তের পরীক্ষা করালেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে ওসি মন্তব্য করেন।
তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত কোন পক্ষই মামলা দেয়নি। তবে এ ঘটনায় সাদেক ভেন্ডারের বিপক্ষের চারজন এবং পক্ষের তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *