# মোহাম্মদ খলিলুর রহমান :-
হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কেবল ভৌগোলিকভাবেই নয়, বরং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও এক উজ্জ্বল নাম। জ্ঞান-পিপাসু ও সংস্কৃতি মনস্ক মানুষের এই জনপদে চিরকালই বুদ্ধিবৃত্তিক চর্চা হয়েছে গভীর আন্তরিকতায়। এ চর্চার প্রাণকেন্দ্র ছিলো বাজিতপুর পাবলিক লাইব্রেরি—একটি ঐতিহ্যবাহী পাঠাগার যা আজও বহন করে সেই ঐতিহ্যের দীপ্ত স্বাক্ষর।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরির অবৈতনিক পরিচালক ছিলেন ননী গোপাল শর্মা। তাঁর নিবেদিত প্রাণ শ্রম ও নেতৃত্বে লাইব্রেরিটি কেবল একটি বইয়ের সংগ্রহশালা নয়, বরং হয়ে উঠেছিলো একটি জ্ঞান ও প্রগতির কেন্দ্রবিন্দু। তাঁর মৃত্যুর (২০২১ সালের আগস্টে) পর দায়িত্ব নেন রফিক মাস্টার। কিন্তু বছর দেড়েক পর তাঁরও অকালমৃত্যুতে লাইব্রেরিটি বন্ধ হয়ে যায়-প্রায় তিন বছর ধরে।
এই বন্ধাবস্থার অবসান হলো অবশেষে। স্থানীয় সাহিত্যপ্রেমী, সাংবাদিক, প্রশাসনিক ও সামাজিক উদ্যোগে লাইব্রেরি পুনরায় চালুর দাবি জোরালো হয়। প্রশাসনের আশ্বাস ও সক্রিয় সহযোগিতায় অবশেষে একজন নতুন পরিচালক নিয়োগ পায় স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. ইউসুফ আলী এবং শুরু হয় প্রস্তুতি ও সংস্কার কাজ।
সবকিছু প্রস্তুত হওয়ার পর ৮ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসক ফৌজিয়া খান লাইব্রেরির দরজা আবারও উন্মুক্ত করেন জনসাধারণের জন্য। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, কিশোরগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন নিবিড়, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রমজান আলী, উপজেলা প্রকৌশলী বনি আমিন, পৌরসভা সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল, এনসিপির উপজেলা আহ্বায়ক রাহাগীর আলম মান্নাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ১১ সেট ও বাজিতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ সেট বই লাইব্রেরিয়ান মো. ইউসুফ আলীকে উপহার প্রদান করা হয়েছে। বাজিতপুর সেনাক্যাম্পের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন নিবিড় পাঠাগারের জন্য উপহার হিসেবে ধ্রুপদ বাংলা ও বিশ্বসাহিত্যের নানা শাখার ২৫ সেট বই জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “লাইব্রেরি খোলার বিষয়ে বাজিতপুরের মানুষের যে উৎসাহ ও আগ্রহ, তা কিশোরগঞ্জের অন্য কোথাও আমি দেখিনি। আমরা চাই এই লাইব্রেরি টিকে থাকুক, আর কখনো যেন বন্ধ না হয়। আপনারা সবাই সন্তান-সন্ততিকে সঙ্গে নিয়ে নিয়মিত বই পড়তে আসুন। বই আমাদের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তার জগৎ উন্মোচন করে এবং নতুন স্বপ্ন দেখার পথ দেখায়।”
বাজিতপুর পাবলিক লাইব্রেরি পূর্ণাঙ্গ সরকারিকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “লাইব্রেরিটি পূর্ণাঙ্গভাবে সরকারিকরণের ক্ষেত্রে আমার যা করণীয়, আমি তা-ই করব। কিশোরগঞ্জের যেকোনো জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগে আপনাদের পাশে আমাকে সবসময়ই পাবেন।”
এই পুনরুজ্জীবনের মাধ্যমে বাজিতপুরের সংস্কৃতি চর্চায় এক নতুন সূর্যোদয় ঘটেছে। পাঠকেরা আবারও ফিরে পাচ্ছেন তাদের জ্ঞানের আশ্রয়—বাজিতপুর পাবলিক লাইব্রেরি।