সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডউনের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি দেশব্যাপী দুই সপ্তাহের শাটডাউনের সুপারিশ করেছিল। তখন থেকেই রাজধানীসহ বিভিন্ন শহরে বসবাস করা মানুষজন দলে দলে কিশোরগঞ্জে আসতে শুরু করে। রাজধানীতে দ্রুত সংক্রমণশীল ও সবচেয়ে ভয়াবহ করোনার ভারতীয় মিউট্যান্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত অনেক রোগী ধরা পড়েছে, মারাও গেছে। ফলে রাজধানী থেকে যেভাবে প্রতিদিন দলে দলে মানুষ আসতে শুরু করেছে, তাতে কিশোরগঞ্জে ডেল্টা ভ্যারিয়েন্টের আশঙ্কা তৈরি হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, সোমবার থেকে লকডাউটের ঘোষণা আসায় এখন সারাদেশেই মানুষ দলে দলে ছুটে যাবে। এমনিতেই রাজধানী থেকে সারাদেশে মানুষের যাতায়াত ছিল। আর এখন বেশি সংখ্যক মানুষ যার যার এলাকায় যাওয়ার কারণে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকবে।
কিছুদিন আগে থেকেই সাত জেলার সঙ্গে রাজধানীকে লকডাউন করে দেওয়ার কারণে মানুষজন বিভিন্ন উপায়ে রাজধানী থেকে গাজীপুর এসে সেখান থেকে উচ্চমূল্যে সিএনজি ভাড়া করে কিশোরগঞ্জে চলে আসছেন। এসব সিএনজির আবার কোন নম্বর প্লেট নেই, সবই অবৈধভাবে চলাচল করছে। আজ ২৬ জুন শনিবার সকাল ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকায় গাজীপুরের এমনই কয়েকটি সিএনজিকে যাত্রী নিয়ে আসতে দেখা গেছে।
গতবছর যখন রাজধানী এবং নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছিল, তখনও এ দু’টি শহরের চারপাশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেসময় মাছের পিকআপের ভেতর লুকিয়ে ভোর রাতে মানুষকে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় আসতে দেখা গেছে। তারা দুই সপ্তাহের কোয়ারেন্টিনও মানতো না। ফলে তখন কিশোরগঞ্জে করোনা সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়েছিল। এবারের চিত্রটাও অনেকটা সেরকমই।