ভৈরব পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আরেফিন জালাল রাজিব সওদাগর এক ভিন্নরকম উদ্যোগের বাস্তবায়ন করেছেন। তিনি আসন্ন কোরবানীর ঈদে পশু কুরবানি না দিয়ে সেই টাকায় দুস্থদের মাঝে চাল এবং আত্মীয়দের মাঝে ঈদ সামগ্রী বিলিয়ে দিয়েছেন। আর এই কর্মসূচী পালন করে তিনি এবং তাঁর স্ত্রী তাসনিম মোস্তফা নিম্মিসহ পরিবারের সদস্যরা বেশ তৃপ্ত বলে জানিয়েছেন কাউন্সিলর রাজিব সওদাগর।
অপরদিকে বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিনন্দিত করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা এবং সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
২৭ জুলাই সোমবার বিকালে শহরের পলতাকান্দাস্থ বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম হাজী আসমত আলী সাহেবের বাড়ি চত্বরে উল্লেখিত অতিথিরা উপস্থিত হয়ে এই ভিন্নরকম উদ্যোগের উদ্বোধন করেন।
রাজিব সওদাগর জানান, এই ঈদে তিনি কুরবানির পশু ক্রয়ের জন্য দেড় লাখ টাকা বাজেট করেন। পরে তিনি তার স্ত্রীর সাথে কুরবানি না দিয়ে গরীবদের মাঝে চাল ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। তার স্ত্রীও তার সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করলে তিনি সাহায্যের জন্য কারো কাছে যেতে পারেন না এমন পাঁচশত পরিবারের তালিকা করেন। পাশাপাশি অপেক্ষাকৃত অস্বচ্ছল আত্মীয়দের মধ্যে থেকেও একশত জনের একটি তালিকা করেন।
পাঁচশত পরিবারের প্রত্যেককে ৭ কেজি করে চাল এবং একশত আত্মীয়ের প্রত্যেক পরিবারকে এক কেজি করে পোলাওর চাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট নুডুলস্, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও গুড়োঁ দুধের প্যাকেট উপহার হিসেবে বিতরণ করেন।