নতুন কারাগারে বন্দি স্থানান্তরের পর এখন কিশোরগঞ্জের পুরনো কারাগারটিকে করোনায় আক্রান্ত কারাবন্দি ও কারা কর্মিদের জন্য আইসোলেশন সেন্টার করা হয়েছে। জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, শহরতলির খিলপাড়া এলাকায় নতুন কারাগার উদ্বোধনের পর সেখানেই গতবছর ১২ জানুয়ারি সকল বন্দিদের স্থানান্তর করা হয়েছে। এর পর থেকে শহরের মাঝখানে অবস্থিত ২৪৫ বন্দির ধারণ ক্ষমতার পুরনো কারাগারটি খালি পড়ে আছে। যে কারণে কারাগারের কোন স্টাফ বা কারাবন্দি করোনায় আক্রান্ত হলে অন্যদের নিরাপদ রেখে আক্রান্তদের চিকিৎসার জন্যই পুরনো কারগারটিকে আইসোলেশন সেন্টার করা হয়েছে।
এখানে ২৮টি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এর মধ্যে ২৪টি পুরুষ বন্দির, আর চারটি নারী বন্দির জন্য। এখন পর্যন্ত কোন কারাবন্দি করোনায় আক্রান্ত হননি। তবে দু’জন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা নিজ বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। তবে তাদেরকে কারাগারের ভেতরে ডিউটি দেয়া হয় না। আর নতুন কোন বন্দি আদালত থেকে করাগারে আসলে তাদেরকে তাপমাত্রা পরীক্ষা করা হয়। সুস্থ থাকলেও তাদেরকে কারাগারের পৃথক ভবনে ১৫ দিন আলাদা রাখা হয়। এরপর তাদেরকে পরীক্ষা করে অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়।
জেল সুপার আরো জানিয়েছেন, কারাগারে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রয়েছে। একবার ৯ জন নতুন বন্দিকে কারাগারে পাঠানোর পর তাদের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়। যদিও করোনা ছিল না। তারপরও তাদেরকে পুরাতন কারাগারে একমাস রাখা হয়। উপসর্গ কেটে গেলে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সহযোগিতায় এদের নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ পাওয়া গেলে নতুনা কারাগারে নিয়ে যাওয়া হয়। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতকার বন্ধ রাখা হয়েছে। ৭ দিন পর পর একদিন ৫ মিনিট স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা রাখা হয়েছে। এভাবেই বন্দিদের করোনা সংক্রমণের হাত থেকে সুস্থ রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এমনকি, অন্য কারাগার থেকে বদলি হয়ে আসা স্টাফদেরও ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর তাদের পরীক্ষা-নিরীক্ষা করে কাজে যোগদান করানো হয়। এভাবেই এখন পর্যন্ত কিশোরগঞ্জের সহস্রাধিক কারাবন্দিকে করোনামুক্ত রাখা হয়েছে। আর এসব ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সর্বাত্মক সহযোগতা করছেন বলেও জেল সুপার জানিয়েছেন।