ভৈরবে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ ২৮ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ১৪ জন নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
জানা যায়, এডিপির অর্থায়নে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষ থেকে উপজেলার হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এর আগেও ৬ জন হতদরিদ্রের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে আরো সেলাই মেশিন বিতরণ করা হবে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, নারীদের স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। বর্তমান সময়ে বিভিন্ন জুতা কারখানায় নারীরা কাজ করছে। বিভিন্ন জায়গায় একজন নারী স্বাবলম্বী হয়ে আরো ৫ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করছে। মানুষ যেমন একটি হাত দিয়ে কাজ করতে পারে না। তেমনি পুরুষ একা একটি সংসারে চাহিদার পূর্ণতা দিতে পারে না। তবে একজন নারী স্বামীর পাশাপাশি কর্ম করলে ওই সংসার সুন্দর এবং পরিপূর্ণতা পাই। আপনি একটি সেলাই মেশিন দিয়ে কর্ম করে আরো ৫টি সেলাই মেশিন কিনতে পারবেন। তাহলে আপনি আরো মহিলা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। তাহলেই আমাদের দেশে নারীর ক্ষমতায়নে দেশের উন্নয়নে নারী অংশগ্রহণ নিশ্চিত হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করে স্বাবলম্বী করতে সারাদেশে বিভিন্ন উপকরণ বিতরণ করছে। এর ধারাবাহিকতায় ভৈরবেও নারীদের উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। সংসারে পুরুষ কর্মঠ হোক বা না হোক নারীর কর্মসংস্থান সৃষ্টি হলে সংসারে অভাব থাকবে না। বাড়িতে বসে যেন কর্ম করে স্বাবলম্বী হয়ে নিজেরা উপার্জন করতে পারে এই কাজে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এ জন্য যদি কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের প্রয়োজন হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে সে ব্যবস্থাও করা হয়েছে।