কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীরে গড়ে তোলা হয়েছে পৌর শিশু পার্ক। গৌরাঙ্গবাজার সেতুর পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীরে গড়ে তোলা পার্কে কয়েক বছর আগে বেশ কিছু মূল্যবান রাইডসও বসানো হয়েছে। বৈদ্যুতিক সংযোগসহ উন্নয়নের বেশ কিছু কাজ অসমাপ্ত থাকায় পার্কটি চালু করা যায়নি। এদিকে পার্কটি প্লাবন সমতলের সম উচ্চতায় নির্মাণ করার ফলে এবার পার্কে নদীর পানি ঢুকে যাচ্ছে। ইতোমধ্যে পার্কের উত্তর পাশে নির্মিত ওয়াকওয়ে ডুবিয়ে পার্কের মাঠেও খানিকটা পানি ঢুকে গেছে।
কিশোরগঞ্জ শহরে শিশুদের বিনোদনের জন্য কোন শিশু পার্ক ছিল না। মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম যখন এলজিআরডি মন্ত্রী, তখন ২০১২ সালের ২২ নভেম্বর ‘কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনর্বাসন ও পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ নামে শত কোটি টাকার এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন। এলজিইডির তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায়ই আকর্ষণীয় এই শিশু পার্কটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। শিশু পার্কটির জন্য আলাদা করে দুই কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছিল বলে মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছেন।
নদী তীরের খাস জায়গায় নির্মিত এই শিশু পার্কে প্রায় তিন বছর আগে বসানো হয়েছে বেশ কিছু রাইডস। কিন্তু নানা জটিলতায় সেগুলি এখনো চালু করা হয়নি। খোলা আকাশের নীচে রোদ-বৃষ্টিতে সেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো পার্ক যেন এখন আগাছার জঙ্গল। পাশের নরসুন্দা নদী কচুরিপানায় ঠাসা। পার্ক সংলগ্ন সেতুর নীচেই ফেলা হচ্ছে পচনশীল ও নির্মাণকাজের বিভিন্ন বর্জ্য। দূষিত হচ্ছে পরিবেশ। তবে করোনা পরিস্থিতির আগে পৌর মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছিলেন, বিদ্যুতের অনুমোদন হয়ে গেছে। রাইডসগুলো চালানোর জন্য জেনারেটরও বসানো হয়ে গেছে। বিদ্যুৎ লাইনের পরীক্ষাও সম্পন্ন হয়ে গেছে। অচিরেই পার্কটি চালু হবে। কিন্তু করোনা মহামারির কারণে সেই উদ্যোগটি আর আলোর মুখ দেখার সুযোগ পায়নি। এখন বর্ষাকাল। সব বছর বর্ষাকালে নরসুন্দায় পানির উচ্চতা বেশি হয় না। মাঝে মাঝে আবার পাড় উপচেও যায়। কিন্তু পার্কটি নির্মাণ করার সময় পানির স্বল্প উচ্চতার কথা বিবেচনায় রাখার কারণে এবার পানির উচ্চতা বেশি বলে পার্কে পানি ঢুকে যাচ্ছে। আরো অন্তত তিন ফুট উচ্চতা বাড়ালে বর্ষার পানিতে পার্কটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বলে অভিজ্ঞ মহলের অভিমত।