ভৈরবে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় খামারি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৫০ জন খামারি ও কৃষক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শম্ভুপুর-১ সিআইজির সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজশ্রী দাস ও জাহাঙ্গীর আলম।
রাজশ্রী দাস তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে বিশুদ্ধ আমিষ অর্থাৎ দুধ, ডিম ও মাংসে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। আর সেই লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের আওতায় আপনাদের হাঁস-মুরগী ও ছাগল পালন, গরু মোটা-তাজাকরণ ইত্যাদি খাতে সহায়তা করা হচ্ছে। যেনো আপনারা নিজেদের অল্প অর্থ ব্যয়ে এইসব প্রাণি লালন পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
এনএটিপির-২ এর আওতায় ইতোমধ্যে এই সিআইজির (কমন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যদের প্রাণিসম্পদ লালন পালনে প্রশিক্ষণ প্রদান, ছাগলের জন্য মাচা প্রদান, গবাদি পশুর খাদ্য, ওষুধ ইত্যাদিসহ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, নিজ নিজ এলাকার সিআইজিকে সমৃদ্ধ করুণ, সঞ্চয় বৃদ্ধি করুণ। প্রকল্প থেকে সুবিধা উপভোগ করে লাভবান হন।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হলো দেশের মানুষকে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ করা। সেই লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অধিদপ্তরসহ এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে গবাদিপশু পালনে নানা ধরণের উপকরণসহ ওষুধ বিনামূল্যে কৃষক ও খামারিদের মাঝে সরবরাহ করা হচ্ছে। যাতে করে তারা উপকৃত হন।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) হাজী ময়েজ উদ্দিন খান, অফিস সহকারী মো. মোখলেছুর রহমান, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বিল্লাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আহমেদ, খামারি মুন্নি বেগম, ফুলবানু ও কৃষক মুকলিদুল ইসলাম প্রমুখ।