কিশোরগঞ্জে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তার বিপুল পরিমাণ নকল সীল, স্ট্যাম্প ও ভুয়া দলিল ও অন্যান্য আলামতসহ এক প্রতারককে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকায় ২২ জুলাই বুধবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাড়াইলের সাচাইল এলাকার আব্দুল মতিন খানের ছেলে জাকির খানকে (৪৩) আটক করেছে। তার কাছ থেকে কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আদালতের নকল খানার ৬৭টি নকল সীল, নিজ হাতে লেখা অনেকগুলো ভুয়া দলিল, ভুয়া মাঠপর্চা, নকল খতিয়ান ও পাকিস্তান আমলের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। জাকির খান প্রতারণা করে মানুষের জায়গা জমির ভুয়া দলিল বানিয়ে হয়রানি ও প্রতারণা করতেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর নকল করতেও সিদ্ধহস্ত। জিজ্ঞাসাবাদে তিনি এসব প্রতারণার কথা স্বীকারও করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।