রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ২১ জুলাই মঙ্গলবার সকালে মিঠামইনের সঙ্গে হাওরের অন্যান্য উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী অলওয়েদার রোড বা বারো মাসি সড়ক পরিদর্শন করেন। তিনি কামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে গাড়ি বহর নিয়ে ভরা বর্ষায় গহিন হাওরের বুক চিরে গড়ে ওঠা সড়ক ধরে ভ্রমণ করতে করতে হাওরের অপরূপ সৌন্দর্যও অবলোকন করেন। রাষ্ট্রপতির জন্ম এই প্রাকৃতিক এই দৃষ্টিনন্দন নৈসর্গিক লীলা ভূমিতে। বেড়েও উঠেছেন এই হাওরের পানিতে সাঁতার কেটে। এই হাওরাঞ্চল শত শত বছর ধরে ছিল অবহেলিত ও দুর্গম এক জনপদ। বর্ষায় পাল তোলা আর দাঁড় টানা নৌকা, শুকনো মৌসুমে পদযুগল, এই ছিল হাওরের মানুষের যোগাযোগ ব্যবস্থা। মিঠামইন থেকে জেলা শহরে দিনে দিনে গিয়ে ফেরা যেত না। কিন্তু মো. আবদুল হামিদ জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই এই যুগ যুগান্তরের অবহেলিত হাওরে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর যেন উন্নয়নের পালে হাওয়া লেগেছে। তার হাত ধরে হাওরের যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, হচ্ছে। এসব উন্নয়ন কাজ স্বচক্ষে দেখার জন্যই তিনি হাওরের বার মাসি সড়ক ধরে ঘুরে বেড়িয়েছেন। এসময় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির দপ্তরের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল মো. শামীমুজ্জামান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন প্রমুখ ভ্রমণ সঙ্গী ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির ছোটভাই ও সহকারী একান্ত সচিব বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের দাফন উপলক্ষে ১৯ জুলাই রোববার বিকালে রাষ্ট্রপতি মিঠামইন যান। মিঠামইনের নিজ বাড়িতে রাত্রিযাপন করে পরদিন সোমবার বিকাল ৫টায় বঙ্গভবনে ফিরে যাবার কথা থাকলেও তিনি উন্নয়ন কাজ পরিদর্শন উপলক্ষে সফর একদিন বর্ধিত করেন। আজ ২১ জুলাই মঙ্গলবার তিনি বঙ্গভবনে ফিরে যাবেন বলে জানা গেছে।

গাড়ি বহর নিয়ে হাওরের অলওয়েদার রোড পরিদর্শনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। -পূর্বকণ্ঠ