সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২০ জুলাই সোমবার দুপুরে শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান। বক্তাগণ সরকারের প্রতি পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে বলেন, পাটকল বন্ধ হলে কেবল শ্রমিক-কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরাও। ক্ষতিগ্রস্ত হবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি দেশের রপ্তানি বাণিজ্যও। এই সুযোগে অন্যান্য দেশ আন্তর্জাতিক পাটের বাজার দখল করে নেবে। ভবিষ্যতে বাংলাদেশ আর সেই বাজারে ঢোকার সুযোগ পাবে না। বক্তাগণ দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য ত্রাণের পরিধি বাড়ানো এবং তা অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন। সেই সঙ্গে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের জন্য উন্নতমানের পিপিই সরবরাহ নিশ্চিত করারও আহবান জানিয়েছেন। পাশাপাশি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর সংযোজনেরও দাবি জানিয়েছেন।