কিশোরগঞ্জে দুদকের উপ-পরিচালক পরিচয়ে দোকান থেকে ৫টি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে সটকে পড়ার ঘটনায় র্যাব রাজধানী থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া মোবাইল সেটগুলোসহ নগদ ৪ লাখ ৮ হাজার ৪২০ টাকা জব্দ করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গত ১২ জুলাই এক ব্যক্তি দুদকের উপ-পরিচালক পরিচয় দিয়ে কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনের নীচতলায় মোবাইলের দোকানে গিয়ে জানান, তিনি সপরিবারে গণপূর্তের রেস্ট হাউজে উঠেছেন। পরিবারের জন্য ৫টি এন্ড্রয়েড মোবাইল সেট দরকার। একথা বলে তিনি ৫টি সেট নিয়ে দোকানের এক কর্মচারিকে সঙ্গে নিয়ে রেস্ট হাউজে যান এগুলি পরিবারের সদস্যদের দেখানোর নাম করে। রেস্ট হাউজের একটি কক্ষে কর্মচারিকে বসিয়ে রেখে ওই প্রতারক পালিয়ে যান। খবর পেয়ে এদিনই র্যাব ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল ১৯ জুলাই রোববার রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকা থেকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বরপিট গ্রামের মৃত মজিবুল হকের ছেলে শহিদুল হক দিপু (৫২) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকার মৃত আলী মিয়া বেপারির ছেলে হুমায়ুন কবিরকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া ৫টি মোবাইল সেট ও প্রতারণার নগদ ৪ লাখ ৮ হাজার ৪২০ টাকা জব্দ করেছে। দিপু বর্তমানে উত্তরায়, আর হুমায়ুন মেরুল বাড্ডায় থাকেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।