রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব ও ছোটভাই বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই (৬৭) করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। সেখানেই তার লাশ হিমঘরে রাখা হয়েছিল। আজ রোববার বাদ আসর রাষ্ট্রপতির উপস্থিতিতে জানাজা শেষে তাকে কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুর গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা হাজী তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এ সময় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
আজ হেলিকপ্টারযোগে আব্দুল হাইয়ের লাশ মিঠামইনে নেয়ার পর বাদ জোহর মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে প্রথম জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এসময় তারা মরহুমের কফিনে পুষ্পস্তবকও অর্পণ করেন। অন্যান্য সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিও পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানান। এসময় অনেককেই কাঁদতে দেখা যায়। এখানে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
বিকাল ৪টার দিকে হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে যান। তার উপস্থিতিতে কামালপুর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গনে বাদ আসর ছোট আকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে যারা দ্বিতীয় জানাজায় অংশ নিয়েছিলেন, তাদেরকে আগেই করোনা পরীক্ষা করানো হয়েছিল বলে জানা গেছে। এখানে রাষ্ট্রপতি তার ছোটভাই আব্দুল হাইয়ের কফিনে পুষ্পস্তবকও অর্পণ করেন। এরপরই পারিবারিক গোরস্থানে তাকে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। মিঠামইনের বাসভবনে রাত্রিযাপন করে রাষ্ট্রপতির আগামীকাল সোমবার বিকালে বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই নমুনা পরীক্ষায় আব্দুল হাইয়ের করোনা ধরা পড়লে ৫ জুলাই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এর আগে মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।