রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব ও ছোটভাই বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের (৬৭) প্রথম জানাজা এবং গার্ড অফ অনার সম্পন্ন হয়েছে। আজ রোবববার বিকাল সোয়া ৩টার দিকে মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এসময় তারা মরহুমের কফিনে পুষ্পস্তবকও অর্পণ করেন। অন্যান্য সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিও পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এদিকে ছোট ভাইকে শেষ বিদায় জানাবার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও বিকাল ৪টার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করেছেন। তার উপস্থিতিতে কামালপুর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গনে বাদ আসর বিকাল সাড়ে ৫টায় অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মরহুমের কফিনে পুষ্পস্তবকও অর্পণ করবেন। এর পরই মরদেহ নিয়ে যাওয়া হবে পারিবারিক গোরস্থানে এবং বাবা হাজী তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুনের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। আব্দুল হাই করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।
রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাইয়ের জানাজা শেষে মোনাজাতে দোয়া পড়ানো হচ্ছে। -পূর্বকণ্ঠ