কিশোরগঞ্জের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এক হাজার বোতল ফেন্সিডিলসহ শুক্কুর মিয়া (২৫) ও আলী আহম্মেদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-৫১-১১১৮) জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ীচক্র সিলেট থেকে সিলভার রংয়ের (চট্ট মেট্রো-চ-৫১-১১১৮) মাইক্রোবাসে করে ফেন্সিডিলের একটি বড় চালান নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনদের নেতৃত্বে একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।
তল্লাশীকালে পূর্বে সংবাদপ্রাপ্ত মাইক্রোবাসটি তল্লাশী চৌকির কাছে আসলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে চলে যাওয়ার চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা মাইক্রোবাসটির পিছু ধাওয়া করে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় সেটি আটক করতে সক্ষম হন।
মাইক্রোবাসটি আটকের পর সেখান থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানেশ্বর বিশ্বাসের পাড়া এলাকার সিতু মিয়ার ছেলে শুক্কুর মিয়া এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি গ্রামের মৃত হাসান আলীর ছেলে আলী আহম্মেদকে। জব্দ করা হয় মাদকদ্রব্য পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাস এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা।
