কিশোরগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের দিয়ে চালু করা হয়েছে ৯টি ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ। এখানে তৈরি হচ্ছে জুতা। এসব জুতা বাইরের ক্রেতাদের কাছে বিক্রি হবে। এর জন্য তৈরি হচ্ছে একটি দোকান বা শোরুম। জুতা বিক্রির টাকা থেকে লভ্যাংশের ৫০ ভাগ দেয়া হবে জুতা তৈরির কাজে নিয়োজিত বন্দিদের।
কিশোরগঞ্জের জেল সুপার মো. বজলুর রশিদ জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় কিশোরগঞ্জের বিশালায়তনের নতুন কারাগারকে বন্দিশালার পরিবর্তে সংশোধনাগারে রূপান্তরিত করার নিরন্তর প্রচেষ্টা চলছে। বন্দিদের নিয়ে গানের দল গঠন করা হয়েছে। এরা দেশাত্মবোধক ও মাদক বিরোধী গানসহ নানারকম গান গেয়ে বিনোদনের পাশাপাশি আত্মার শুদ্ধিকরণেও ভূমিকা রাখেন। তাদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতার। নিরক্ষর বন্দিদের লেখাপড়া শেখানো হয়। সর্বোপরি বন্দিদের অলস সময়টাকেও অর্থপূর্ণ করার জন্য জুতা তৈরি, সেলাই, মৎস্যচাষ, কৃষিকাজ, বৃক্ষরোপনসহ ৯টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। করানো হচ্ছে শাকসবজির চাষাবাদ। এসব কীটনাশকমুক্ত বিশুদ্ধ শাকসবজি কারাবন্দিদের খাওয়ানো হচ্ছে। এখানে আপাতত ৭ জন জুতার কারিগর কারাবন্দি অবস্থায় রয়েছেন। তাদেরকে জুতা তৈরির কাঁচামাল সরবরাহ করা হয়। তারা সুন্দর ও টেকসই জুতা তৈরি করছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সনের ১১ অক্টোবর কারাগার পরিদর্শনে গেলে তাকে বন্দিদের তৈরি একজোড়া চামড়ার জুতা উপহার দেয়া হয়। পরবর্তীতে তিনি আবার কিশোরগঞ্জ সফরে আসলে সেই জুতা জোড়াই পরে আসেন। জেল সুপার জানিয়েছেন, কারা অধিদপ্তরের কাছ থেকে ৩৯ লাখ বরাদ্দ নিয়ে কারাগারের প্রধান ফটকের কাছে সীমানা প্রাচীরের ভেতরের চত্বরে জুতা বিক্রির জন্য একটি শোরুম বা দোকান নির্মাণ করা হচ্ছে। এই দোকানে কারাবন্দিদের তৈরি জুতা বিক্রি করা হবে। কারাবন্দিদের স্বজন ও দর্শণার্থীসহ বাইরের সকল ক্রেতাই এখান থেকে জুতা কেনার সুযোগ পাবেন। আর জুতা বিক্রির টাকা থেকে লভ্যাংশের ৫০ ভাগ কারাবন্দি জুতার কারিগরদের দেয়া হবে। এটা দেশের অন্যান্য কারাগারের জন্যও একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে বলে তিনি মনে করেন।