আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ভৈরবের দেড় হাজার খামারে ৯ হাজারেরও বেশী গবাদিপশু গোরু ছাগল ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত হয়েছে। দেশব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে সীমিত আকারে পশুর হাট এবং চোরাইপথে পাশের দেশ থেকে পশু প্রবেশ নিয়ে শংকিত এখানকার খামারিরা। তাদের ধারণা, যদি ঠিক মতো পশুর হাটের অনুমতি সরকার না দেয় এবং চোরাইপথে যদি গবাদিপশু প্রবেশ করে, তবে তারা মুনাফার পরিবর্তে লোকসানের মুখে পড়বেন।
এদিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের খামারি শরীফুজ্জামানের ৩৬ ও সাড়ে ২৭ মণের বড়সাহেব ও ছোটসাহেব এবং শহরের নিউটাউন এলাকার খামারি আশরাফুল আলম রুজেনের ২৫ মণ ওজনের রাজাসাহেব, বাহুবলি ও কালোমানিক নজর কাড়ছে স্থানীয়দের। এখানকার কোরবানীর পশুর হাটে এদের দাপুটে বিচরণ থাকবে বলে তাদের ধারণা।
খামারি শরীফুজ্জানের সাথে কথা বলে জানাযায়, তিনি ২০১৮ সালে ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে ১০টি গোরু নিয়ে জামান এগ্রো ফার্ম নামে খামারটি গড়ে তুলেন। সেই থেকে তিনি গোরু মোটা-তাজাকরণ করে আসছেন।
এবারও তিনি তার খামারে ৪টি গোরু মোটা-তাজা করেছেন। এরমধ্যে ফ্রিজিয়ান জাতের দুটি গোরু বড়। একটির ওজন ৩৬ মণ। এটির নাম দিয়েছেন তিনি বড়সাহেব। এক বছর আগে দেড় লাখ টাকায় কিনেছিলেন বড়সাহেবকে। তিনি এটির মূল্য হাঁকছেন ১০ লক্ষ টাকা। ইতোমধ্যে বাড়ি এসে ৬ লাখ টাকা মূল্য বলে গেছেন ক্রেতা। তার ধারণা ৭ থেকে ৮ লক্ষ টাকায় বিক্রি করা যাবে বড়সাহেবকে।
তার ছোট সাহেবের ওজন সাড়ে ২৭ মণ। এটি তিনি দুই বছর আগে ৮৫ হাজার টাকায় কিনেছিলেন। তার ধারণা ৫-৬ লক্ষ টাকায় বিক্রি হবে ছোটসাহেব। তিনি জানান, প্রতিনি দিন তার এই বড়সাহেব আর ছোটসাহেবকে এক নজর দেখতে ভিড় করে শত মানুষ।
প্রায় ১৫ বছরের পুরনো খামারি আশরাফুল আলম রুজেনের খামারে এবার দেশী-বিদেশী জাতের ২৫টি গোরু রয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়ান জাতের রাজাসাহেব, বাহুবলি আর কালোমানিকের ওজন ১ হাজার পাঁচ থেকে ১ হাজার কেজি। তার ধারণা গড়ে ৬ থেকে ৭ লক্ষ টাকা করে বিক্রি করা যাবে পশু তিনটি।
স্থানীয় প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে তিন বছর যাবৎ কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে গোরু মোটা-তাজা করে বিক্রি করে আসছেন শুভ মিয়া। এবারও তিনি ৪টি ক্রস জাতের গোরু মোটা-তাজা করেছেন। এরমধ্যে তিনটি গোরু স্থানীয় এক ব্যক্তি কেনার প্রস্তাব দিয়ে রেখেছেন। বাকি একটি তিনি অন্যত্র বিক্রি করবেন।
খামারি শরীফুজ্জামান, আশরাফুল আলম রুজেন এবং শুভ মিয়াসহ উপজেলার কয়েকশ খামারি শংকা প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের কারণে ঠিক মতো যদি কোরবানীর পশুর হাট না বসে এবং পাশের দেশ থেকে বৈধ অথবা চোরাইপথে পশু প্রবেশ করে তবে তারা লোকসানের মুখে পড়বেন। তাই তারা কোরবানীর পশুর হাট বসতে এবং ভিন্নদেশ থেকে পশু প্রবেশ বন্ধে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.রফিকুল ইসলাম খান জানান, ভৈরবে প্রতি বছরের মতো এবারও কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে গবাদিপশু মোটা-তাজাকরণ করেছেন এখানকার কৃষক ও খামারিরা। উপজেলার বিভিন্ন এলাকায় দেড় হাজার খামারে ৯ হাজারেরও বেশী গোরু, মহিষ ও ছাগল মোটা-তাজা করা হয়েছে।
তাদের তত্ত্বাবধানে পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে, স্ট্রেরয়েড জাতীয় ওষুধ পরিত্যাগ করে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে পশুগুলিকে লালন-পালন করেছেন বলেও তিনি জানান। খামারগুলিতে এবার স্থানীয় চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার গবাদি পশু বেশী পালিত হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা আরও জানান, এই বাড়তি পশুগুলি দেশের অন্যত্র বিক্রি করে এখানকার খামারিরা অর্থ উপার্জন করবেন।