মাত্র ৩ বছর বয়সী সাদা কালো রঙের ‘বড় সাহেব’। প্রতিদিন তার প্রায় ৪০ কেজি গো-খাদ্যের প্রয়োজন হয়। নড়া-চড়া কিংবা ওঠা-বসা যেন তার সাহেবের মতো ভাবখানা। একই সাথে শান্ত ও নম্র্র প্রকৃতির হওয়ায় খামারের মালিক প্রিজিয়াম জাতের ষাঁড় গোরুটি নাম রেখেছেন ‘বড় সাহেব’। আসন্ন কোরবানীর ঈদে বিশাল দেহের গোরুটি বিক্রি করতে চান বিদেশ ফেরত খামারি শরীফুজ্জামান। তিনি এই ‘বড় সাহেব’র দাম হেঁেঁকছেন ১০ লক্ষ টাকা। খামারি শরীফুজ্জামানের দাবী, গোরুটির ওজন প্রায় ৩৬ মণ। দেশে চলমান করোনা ভাইরাসের কারণে পশু লালন-পালনেও বিরুপ প্রভাব পড়েছে। তাই, তিনি গোরুটির দাম ১০ লক্ষ টাকা হাকঁলেও আলোচনার মাধ্যমে বিক্রি করে দেবেন। কিন্তু দেশে চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার কারণে ‘বড় সাহেব’কে কোরবানীর ঈদে বিক্রি করতে পারবেন কি-না তা নিয়ে শরীফুজ্জামান অনেকটা দুঃশ্চিন্তায় ভোগছেন। তাছাড়া বিশাল দেহের গোরুটি দেখতে প্রতিদিনই উৎসুক লোকজন ভিড় করে। যদিও এ পর্যন্ত ‘বড় সাহেব’র দাম ওঠেছে সাড়ে ৬ লক্ষ টাকা।
খামারি শরীফুজ্জামানে বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামে। মুক্তিযোদ্ধা বাবা খালেকুজ্জামানের বড় ছেলে বিদেশ ফেরত শরীফুজ্জামান। গেল ৩ বছর আগে বসত বাড়ির ভেতরে জামান এগ্রো নামে ৩টি গাভী দিয়ে খামার শুরু করেন। খামার শুরুর দেড় বছর পরে প্রিজিয়াম জাতের ১টি ষাঁড় বাছুরের সন্ধান পান। পরে দেড় বছর বয়সী ষাঁড় বাছুরটিকে দেড় লক্ষ টাকায় কিনে আনেন। এরপর থেকেই লালন-পালন শুরু। বর্তমানে সাদা কালো রঙের ‘বড় সাহেব’ নামের ষাঁড় গোরুটির যত্নে দু’জন সর্বদা নিয়োজিত রয়েছেন। তারা দিন-রাত এক করে ‘বড় সাহেব’কে নিয়ে ব্যস্ত সময় পাড় করেন। তাছাড়া গেল প্রায় দেড় বছরে গোরুটির পেছনে আরও দুই লক্ষ টাকারও অধিক খরচ করেছেন।
শরীফুজ্জামান জানান, প্রাকৃতিক নিয়মে দানাদার গো-খাদ্য এবং নেপিয়ার জাতের সবুজ কাঁচা ঘাস খাদ্য হিসেবে দিয়ে আসছেন। প্রতিদিন বিশাল দেহের অধিকারী ‘বড় সাহেব’র প্রায় ৪০ কেজি গো-খাদ্যের প্রয়োজন হয়। যার বাজার মূল্য প্রায় ১২‘শ টাকা। তার দাবী, ভৈরব উপজেলার মধ্যে ‘বড় সাহেব’ই একমাত্র বড় গোরু।
এছাড়াও তার খামারে কালো রঙের ‘ছোট সাহেব’ নামেও আরও একটি ষাঁড় গোরু রয়েছে। ‘ছোট সাহেব’র দাম হেকেঁছেন তিনি ৮ লক্ষ টাকা।