জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে ভৈরবেও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠে বিভিন্ন ফলদ, ঔষধ, বনজ বৃক্ষ রোপন করে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, পরিবেশ রক্ষার্থে গাছের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে। এর অংশ হিসেবে ভৈরবে ২২ হাজার বৃক্ষ রোপন করা হবে। এর মধ্যে ভৈরব পৌরসভা মেয়র বরাবর ৩ হাজার বৃক্ষ হন্তান্তর করাসহ, ভৈরবের ১৭০টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষ রোপন করা হবে। এছাড়াও ভৈরবের ৭টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১ হাজার ৫শ করে বৃক্ষ রোপন করা হবে। বাকীগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় রোপন করবেন।