ভৈরব উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, কালিকাপ্রসাদ দুস্থ ও প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কালিকাপ্রসাদ দুস্থ ও প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে ভৈরব উপজেলার ইউনিয়নগুলো থেকে বাছাইকৃত ২৫ জন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হবে।