ভৈরব উপজেলার ক্ষতিগ্রস্ত দুস্থ ৬ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ১২ বান ঢেউটিন এবং নগদ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সংস্কার ও মেরামতের জন্য এ সহায়তা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ক্ষতিগ্রস্তদের হাতে এই ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় উপস্থিত অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, অসহায় দুস্থ গরীব ক্ষতিগ্রস্তদের জন্য আজকেই এই সাহায্য। ভাঙ্গাঘর সংস্কার ও মেরামতের করে বসবাস করতে প্রাথমিক পর্যায়ে যাচাই-বাছাই করে উপজেলার ৭টি ইউনিয়নের ৬ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৩৪টি পরিবারের মাঝে এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, ঝড় বৃষ্টিতে মানুষের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। বড় বিপদে থাকে অসহায় দুস্থ পরিবার। উপজেলার ইউনিয়ন গুলো থেকে বাছাইকৃত ৬ জন ক্ষতিগ্রস্তদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সরকারি সহায়তা প্রদান করা হলো। পর্যায়ক্রমে আরো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে। সরকার অসহায় পরিবারের পাশে থেকে সর্বদা কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।