ভৈরব ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সকাল সন্ধ্যা কর্মবিরতি পালন করেছে। ১২ জুলাই রোববার বাংলাদেশ কেন্দ্রীয় ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাথে একাত্বতা ঘোষনা করে এই কর্মবিরতি পালন করে।
জানা যায়, ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভৈরবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে সকাল সন্ধ্যা কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে এই কর্ম বিরতি পালন করে তারা। এতে করে ভৈরবের মেঘনা ও যমুনা দুই ডিপু থেকে নেত্রকোণ, ময়মনসিংহ, হালুয়াঘাট, জামালপুর, শেরপুরসহ ছয় জেলায় আনুমানিক ১২ লক্ষ লিটার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
সুত্রে আরো জানা যায়, গত শুক্রবার রাত সোয়া দশটায় সিলেটের দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্ট এলাকায় সিলেট ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে নামে সারাদেশের ট্যাংক লরি শ্রমিকরা। এছাড়াও নিহতের স্ত্রী ফারজানা আক্তার দক্ষিণ সুরমা থানায় ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ভৈরব ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তদের হাতে সিলেটের শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রিয় কমিটির সাথে একাত্বতা ঘোষনা করে আমরা এই কর্মবিরতি পালন করছি। পরবর্তিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচী পালন করা হবে বলে জানান তিনি।
ভৈরব ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আল মাহমুদ আরমান জানান, শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।