জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় জানানো হয়েছে, কিশোরগঞ্জ পৌর এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে অচিরেই পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া সভায় কিশোরগঞ্জের হাওরে বাইরের পর্যটকদের আগমনের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব আনা হয়েছে। বর্ষাকালে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অপরূপ সৌন্দর্য, অলওয়েদার রোড, বিভিন্ন দৃষ্টিনন্দন সেতুসহ দর্শনীয় স্থানগুলো দেখতে গত কয়েক বছর ধরে রাজধানীসহ দূরদূরান্তের পর্যটকরা আসছেন। এবারের করোনা মহামারির সময়েও পর্যটকদের এই স্রোত থেমে নেই। মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশাসহ বিভিন্ন বাইকার এসোসিয়েশনের ব্যানারেও অনেকে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে হাওর উপকূলের নিকলীর বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখলা এবং চামড়া নৌবন্দর এলাকায় যাচ্ছেন। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌযানে চড়ে বৈরি আবহাওয়ার মধ্যে অনেকে দল বেঁধে গভীর হাওর দর্শনে যাচ্ছেন। কেউ কেউ নাক জাগিয়ে ভেসে থাকা হাওরের সড়কে বা সেতুতে নেমে হাওরের টলমলে পানিতে গোসলও করছেন। কিন্তু বিভিন্ন শহর থেকে আসা অনেকেই সাঁতার জানেন না। সমুদ্র সৈকতে যেমন মৃদু ঢাল অনেক গভীর পর্যন্ত চলে গেছে, অনেক দূর গেলেও পেটপানি হয় না। হাওর সম্পর্কে ভাল ধারণা না থাকায় এখানেও পর্যটকরা সেরকম মনে করে ডুবো সড়কের পাশে যেতেই সিসি ব্লকের খাড়া ঢালে পা পিছলে গভীর পানিতে তলিয়ে গিয়ে মারা যাচ্ছেন। কেউ কেউ ট্রলার থেকে ছিটকে পড়ে গিয়েও তলিয়ে যাচ্ছেন। আবার মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলার সময় দুর্ঘটনাও ঘটাচ্ছে। ফলে আইন শৃংখলা কমিটির সভায় এবার পর্যটকদের আগমনের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব উঠে আসে। সভা থেকে সংশ্লিষ্ট হাওর উপজেলাগুলোর চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও তাগিদ দেয়া হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আজ ১২ জুলাই রোববার বেলা সাড়ে ১১টা থেকে ২ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী জুম প্রযুক্তির এ সভায় সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, র্যাবের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, নিকলীর উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
বক্তাগণ বলেছেন, কিছু ঘটনা বাদ দিলে জেলার আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। এখন খুচরা মাদক বহনকারী তেমন দেখা যাচ্ছে না। ইয়াবা এবং গাঁজার একটু বড় চালান ধরা পড়ছে। জুয়াড়িও ধরা পড়ছে। তবে নরসুন্দার পাড়ের ওয়াকওয়েতে প্রায়ই মাদকাসক্তরা বসে মাদক সেবন করে। সুযোগ বুঝে ছিনতাইও করে। ফলে ওয়াকওয়েতে আইন শৃংখলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি জোরদার করা হবে বলে সভায় জানানো হয়। জেলার করোনা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে বলে অনেক বক্তা উল্লেখ করেছেন। তবে সদর উপজেলায় ইদানিং সংক্রমণ একটু বেশি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
সিভল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, কিশোরগঞ্জে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭২৯ জন। এর মধ্যে এ পর্যন্ত আজকের একজনসহ ৩১ জন মারা যাওয়া ছাড়া সুস্থ হয়েছেন ১৪১৮ জন। কাজেই এ জেলায় জাতীয় সুস্থতার হারের চেয়েও সুস্থতার হার অনেক বেশি। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তবে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে ১৫ লাখ টাকায় যে চারটি হাইক্লো নেজাল ক্যানোলা স্থাপন করা হয়েছে। এর ফলে অনেক জটিল রোগিকে অক্সিজেন দিয়ে সুস্থ করা সম্ভব হচ্ছে। একটি ক্যানোলা দিয়ে মিনিটে ৬০ থেকে ৭০ লিটার অক্সিজেন দেয়া সম্ভব। অথচ ভেন্টিলেটর দিয়ে মিনিটে মাত্র ৬ থেকে ১০ লিটার অক্সিজেন দেয়া সম্ভব। এছাড়া ক্যানোলার ব্যবহারবিধিও রোগির জন্য স্বস্তিদায়ক। তবে কয়েকজন রোগিকে বাঁচানো যায়নি, কারণ তাদের আরো কিছু জটিল রোগ ছিল। তিনি বলেন, সৈয়দ নজরুল হাসপাতালে এখন পর্যন্ত ৩৫৫ জন রোগির চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ১৮৮ জন, আর করোনা সন্দেহভাজন ১৬৭ জন। স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মি ঝুঁকি নিয়ে কষ্টকর পরিশ্রম করে করোনা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে সিভিল সার্জন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপিত হওয়ায় এখন তিন শিফটেও পরীক্ষা চালানো হচ্ছে বলে কোন নমুনা পেন্ডিং থাকে না বলেও তিনি উল্লেখ করেছেন।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, করোনা নিয়ে স্বাস্থ্য বিভাগ যেভাবে কাজ করছে, তাতে সুফল আসছে। আইন শৃংখলা বাহিনীও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য পালন করে যাচ্ছে। হাওরের দিকে যেন এখন বাইরের এত এত পর্যটক যেতে না পারে, এর জন্য জায়গায় জায়গায় চেকপোস্ট করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি মাদকের কয়েকটি বড় চালান ধরা হয়েছে এবং জুয়াড়িও ধরা হয়েছে বলে জানিয়েছেন। এমনকি জুয়ার পরিকল্পনাকারীরাও ধরা পড়ছেন বলে তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে জেলার আইন শৃংখলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে তিনি মন্তব্য করেছেন।
জেলা প্রশাসক বলেছেন, জেলার আইন শৃংখলা পরিস্থিতি এখন অনেক ভাল। মে মাসে জেলার ১৩ থানায় ২৮৪টি মামলা হয়েছিল। আর জুন মাসে হয়েছে ২৬৪টি। তিনি করোনা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে আনতে যে বাসাতেই পজিটিভ রোগি ধরা পড়বে, সেখানেই স্থানীয়ভাবে লকডাউন করতে হবে, যেন রোগটি বাইরে ছড়ানোর সুযোগ না পায়। তিনি করোনায় আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করার ব্যাপারে সজাগ থাকার জন্যও সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্টও কাজ করবে। ঈদুল আযহা উপলক্ষে স্থায়ী গোরুর হাটে মাস্ক পরে আসা এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থার রাখার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে জাল টাকা শনাক্তকরণ স্ক্যানার রাখার জন্যও ইজাদারদের নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন। তবে প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় অনলাইন কোরবানির হাটের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, আইন শৃংখলা কমিটির আগেকার সভাগুলোতে জেলা শহরের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে পৌর এলাকাব্যাপী সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছিল। পুলিশ সুপার ও পৌর মেয়রের সঙ্গে পরামর্শ করে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের স্থান নির্ধারণ হয়ে গেছে। এখন কেবল কার্যাদেশ দিলেই সেগুলি স্থাপন করা হবে। তখন চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেছেন।