কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামের হাওরে বেড়াতে গিয়ে দুই যুবক পানিতে তলিয়ে যায়। একজনের লাশ উদ্ধার হলেও অপরজন এখনো নিখোঁজ। গতকাল ১০ জুলাই শুক্রবার তাড়াইলের হাসান (২১) নামে এক যুবক বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরের হাসানপুর সেতু এলাকায় যান। সেখানে সবাই গোসল করতে নামলে এক পর্যায়ে হাসান তলিয়ে যান। আজ ১১ জুলাই শনিবার বিকালে তার লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জের হাসান (২৪) নামে অপর এক যুবক বন্ধুদের নিয়ে শুক্রবার বাজিতপুর হয়ে ট্রলারে অষ্টগ্রামে বেড়াতে গিয়ে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। আজ শনিবার বিকালেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম।