• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জান্নাতে যাওয়ার আমলসমূহ (২য় পর্ব)

জান্নাতে যাওয়ার আমলসমূহ (২য় পর্ব)

ডা. এ.বি সিদ্দিক

পূর্বে প্রকাশিতের পর..
গত পর্বে আমরা জান্নাতে যাওয়ার আমলসমূহের মধ্য থেকে তিনটি আমলের কথা জেনেছিলাম। আর সেগুলো হলো- (১) অযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করা। (২) তাহাজ্জুদের সালাত আদায় করা। (৩) আযানের জওয়াব দেওয়া। আর এ পর্বে আমরা আরো তিনটি আমলের কথা জানব ইনশাআল্লাহ। আর তা হলো:
৪। দৈনিক ১২ রাকআত সুন্নাত আদায় করা। হাদীসের ভাষায় ফরয বা ওয়াজিব ব্যতীত সকল সালাতই নফল বা অতিরিক্ত। তবে যেসব নফল সালাত রাসূল (সা.) নিয়মিত পড়তেন বা পড়তে তাকীদ করতেন, সেগুলিকে ফিক্বহী পরিভাষায় সুন্নাতে মুওয়াক্কাদাহ বা সুন্নাতে রাতেবাহ বলা হয়। যেমন ফরয সালাত সমূহের আগে-পিছের সুন্নাত সমূহ। এই সুন্নাতগুলি ক্বাযা হলে তা আদায় করতে হয়। যেমন- যোহরের প্রথম চার রাকআত সুন্নাত ক্বাযা হলে তা যোহরের ফরয সালাত আদায়ের পরে পড়তে হয়। আবার ফজরের দুই রাকআত সুন্নাত ক্বাযা হলে তা ফজরের ফরয সালাতের পরে পড়তে হয়। আরেক প্রকার সুন্নাত রয়েছে যাকে গায়রে মুওয়াক্কাদাহ বলা হয়। যা আদায় করা সুন্নাত এবং যা করলে নেকী আছে, কিন্তু তাকীদ নেই। যেমন- আছরের পূর্বে চার রাকআত সুন্নাত। এখন কেউ যদি দৈনিক ১২ রাকআত সুন্নাতে মুওয়াক্কাদাহ আদায় করে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যেই ব্যক্তি দিবারাত্রিতে ১২ রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদাহ) আদায়ে অভ্যস্থ হয়ে যায় সে জান্নাতে প্রবেশ করবে। (আর তা হল) যোহরের ফরয সালাতের পূর্বে চার রাকআত এবং পরে দুই রাকআত, দুই রাকআত মাগরিবের ফরয সালাতের পরে, দুই রাকআত ইশার ফরয সালাতের পরে এবং দুই রাকআত ফজরের ফরয সালাতের পূর্বে। (নাসাঈ: ১৭৯৪)
৫। পাঁচ ওয়াক্ত ফরয সালাত আদায় করা। যেই সব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। এটি ইসলামের দ্বিতীয় রুকন। মুমিন-মুত্তাক্বীনদের কর্ম, রব এবং তাঁর বান্দার মাঝে সংযোগ স্থাপনকারী, মুমিনদের হৃদয়ে প্রশান্তি আনয়নকারী, পাপ মোচনকারী। সালাত হল মুক্তির উপায়, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণের মাধ্যম, সাফল্যের সোপান। রাসূল (সা.) এর হাদীস অনুযায়ী ক্বিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাতের হিসাব সঠিক হয়, তাহলে সে সফলকাম হবে ও নাজাত পাবে। আর যদি তার সালাতের হিসাব সঠিক না হয় তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্থ হবে। (তিরমিযি, মিশকাত: ১৩৩০)
তাছাড়া দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয সালাত আদায় করা এত ফযীলতপূর্ণ ইবাদত যে, এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যাবে। আবূ দারদা (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে, যেই ব্যক্তি ঈমানের সাথে উত্তমরূপে অযু ও রুকু, সাজদাহ সহকারে নির্ধারিত সময়ে সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। (আবূ দাউদ: ৪২৯)
৬। পাঁচ ওয়াক্ত ফরয সালাতের পর তাসবীহ পাঠ করা। প্রত্যেক ফরয সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহু আকবার পাঠ করা এত ফযীলতপূর্ণ ইবাদত যে, এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যাবে। কেননা আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দুইটি বিষয় বা দুইটি অভ্যাসের প্রতি যে মুসলিম খেয়াল রাখবে সে নিশ্চয়ই জান্নাতে যাবে। অভ্যাস দুইটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা কম। তা হলো (১) প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আল্ হামদুলিল্লাহ ও দশবার আল্লাহু আকবার বলবে। মুখে (পাঁচ ওয়াক্তে) এর সংখ্যা একশ পঞ্চাশ, কিন্তু মীযানে তা একহাজার পাঁচশ। (২) যখন শয্যায় যাবে চৌত্রিশ বার আল্লাহু আকবার, তেত্রিশ বার আল্ হামদুলিল্লাহ ও তেত্রিশ বার সুবহানাল্লাহ বলবে। তা মুখে একশ কিন্তু মীযানে একহাজার। ‘আব্দুল্লাহ (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে তা হাতের আঙ্গুলে গণনা করতে দেখেছি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! অভ্যাস দুইটি সহজ হওয়া সত্ত্বেও এর আমলকারীর সংখ্যা কম কেন? তিনি বললেন, তোমরা বিছানায় ঘুমাতে গেলে শয়তান তোমাদের কোন লোককে তা বলার আগেই ঘুম পাড়িয়ে দেয়। আর সালাতের মধ্যে শয়তান এসে তার বিভিন্ন প্রয়োজনীয় কাজের কথা স্মরণ করিয়ে দেয় এবং সে ঐগুলো বলার আগেই প্রয়োজনের দিকে চলে যায়। (আবু দাউদ: ৫০৬৫)
উপরোল্লিখিত আলোচনা থেকে আমরা জান্নাতে যাওয়ার কতগুলো আমলের কথা জানতে পারলাম। আমাদের সকলেরই উচিত এই আমলগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তাওফীক দিন। আমীন
চলবে…

প্রচারে: আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *