ভৈরব হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এই ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, প্রকৌশলী আবু ইউসুফ, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবাইয়ের আলম দানিছ প্রমুখ।
জানা যায়, ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ২৮ জনের প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষ থেকে এই ছাগল বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনায় ভৈরবের ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবে সর্বক্ষেত্রে হতদরিদ্র পরিবারের জীবন জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার বিভিন্নভাবে এই করোনাকালে মানুষকে সহায়তা করে যাচ্ছে। পর্যায়ক্রমে আরো হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হবে বলে জানান তিনি।