করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া সারা দেশের হতদরিদ্র তাঁতী, জেলে, শ্রমিক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও কওমী মাদরাসার শিক্ষকসহ নন এমপিওভূক্ত শিক্ষকদের সরকার বিভিন্ন প্রণোদনা ও খাদ্য সহায়তা দিয়ে আসলেও এখন পর্যন্ত কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষক কর্মচারীদের সরকারি কোন প্রনোদনা দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীদের সরকারি প্রনোদনার দাবীতে পাকুন্দিয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষক কর্মচারীরা।
গত ৮ জুলাই বুধবার বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইটের সামনে পাকুন্দিয়া ঢাকা সড়কে পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী এ কর্মসূচী পালন করেন। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত তাদের এ মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন রশিদ জুয়েল ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।
পাকুন্দিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবদুল হাই মাস্টারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম খলিল উল্লাহ শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সাবের ও আরিফুল হাসান আরজু, শিক্ষক কামরুল ইসলাম ও জুয়েল মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচী শেষে শিক্ষকরা উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের হাতে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।