# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে পার্টনার ফিল্ড স্কুল কৃষি প্রযুক্তি বিস্তারে একটি অন্যতম মাধ্যম হিসেবে কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তুলছে। প্রশিক্ষণ, প্রদর্শনী, ফিল্ড ওরিয়েন্টেশন, মাঠ দিবস ইত্যাদির মাধ্যমে পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের দলীয় ভিত্তিতে কৃষি প্রযুক্তিসমূহের বিস্তার, কৃষি ব্যবসা, কৃষি যান্ত্রীকীকরণ, বাণিজ্যিক কৃষি, উন্নত বাজার ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা ইত্যাদি বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষিত করার মাধ্যমে উৎপাদনমুখী, বাণিজ্যিক ও স্মার্ট কৃষিতে রূপান্তরিত করা হচ্ছে।
ফলে এখানকার কৃষি ও কৃষকদের মাঝে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে উৎপাদন। গতানুগতিক ধান আর গুটিকতক সবজি আবাদে নিমগ্ন না থেকে নানা রকমের চাহিদা সম্পন্ন সবজিসহ তেল ও মসলা জাতীয় চাষাবাদে অভ্যস্ত হয়ে উঠছে কৃষক।
অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় সুষম শৃংখলা তৈরি হওয়ায় কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাওয়ায় হচ্ছে লাভবান। এতে করে কৃষকদের মাঝে কৃষির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।
সরেজমিনে কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, মাঠ ভরা ফসল। পাকা ধান, ভূট্টা, কচুরমুখী, লাউ, শষা, করলা, মরিচ, আদা ইত্যাদি। এতোটুকু ফুরসৎ নেই কৃষাণ-কৃষাণীদের। ঘরে, উঠানে, মাঠে কোথাও কাজের কমতি নেই। এই ব্যস্ততার মাঝেও বেলা ১১টা বাজতেই হাতের কাজ ফেলে বই-খাতা আর কলম নিয়ে চারদিক থেকে ছুটে আসছেন নির্দিষ্ট একটি বাড়ির দিকে। কারণ, আজ রোববার। প্রতি রোববার একেকজন কৃষকের আঙিনায় পালা করে তাদের স্কুল বসে। এই স্কুলকে বলে “পার্টনার ফিল্ড স্কুল”।
সেই স্কুলে ২৫ জন কৃষাণ-কৃষাণী হাতে-কলমে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করে থাকেন। কৃষি প্রযুক্তিসমূহের বিস্তার, কৃষি ব্যবসা, কৃষি যান্ত্রীকীকরণ, বাণিজ্যিক কৃষি, উন্নত বাজার ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা ইত্যাদি বিষয়ে একেক সপ্তাহে একেক বিষয়ের উপর পাঠদান হয়।
পাঠদান দিয়ে থাকেন ওই কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দুই থেকে তিন ঘণ্টাব্যাপী এই পাঠদান শেষে নেওয়া হয় পরীক্ষা।
শিক্ষার্থী কৃষাণ-কৃষাণীরা জানান, এই স্কুলের মাধ্যমে শিক্ষাগ্রহণ করে তারা বেশ লাভবান হচ্ছেন। তারা নতুন নতুন কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, সুষম সার ও বীজ ব্যবস্থাপনা, বালায় প্রতিরোধ, উৎপাদিত ফসলের বাজার দর পাওয়া-ইত্যাদি বিষয়ে হাতে-কলমে শিক্ষাগ্রহণ করে বেশ উপকৃত হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিপ্তর পরিচালিত পার্টনার ফিল্ড স্কুলে কৃষির উন্নয়ন ও আধুনিকরণের লক্ষ্যে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ে কৃষকদের শিক্ষা দেওয়া হয়। এই স্কুলের মাধ্যমে স্থানীয় কৃষি ও কৃষকদের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, বিশ^ ব্যাংকের অর্থায়নে ভৈরবে ১৮টি পার্টনার ফিল্ড স্কৃল পরিচালিত হচ্ছে। একেকটি স্কুলে ২৫ জন কৃষক থাকেন। তারা একেকটি ফসলের উপর হাতে কলমে শিক্ষা গ্রহণ করে থাকেন। আর এই শিক্ষার মাধ্যমে এখানে কৃষক ও কৃষির উন্নয়ন হচ্ছে। এই স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের এলাকার অন্যান্য কৃষকরাও উপকৃত হচ্ছেন।